বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর সালেহ উদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রীপরিষদ সচিব মো: মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর সালেহ উদ্দিন আহমেদের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর (দরিশ্রীরামপুর) গ্রামে। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৩ সালে এবং ঢাকা কলেজ থেকে ১৯৬৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাস করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) পাস এবং ১৯৬৯ সালে একই বিষয়ে এমএ পাস করেন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগ দেন। তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনে সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি) ক্যাডারে যোগ দেন। ১৯৭৮ সালে কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। সালেহউদ্দিন ২০০৫ সালের ১ মে থেকে ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন।
