বাংলাদেশের বিপক্ষে নিজস্ব ঘরানার পিচ চান পাকিস্তান অধিনায়ক

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৯:৫১ এএম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে চলতি মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান। ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। তার আগে সিরিজ নিয়ে নিজেদের রণপরিকল্পনা জানালেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। বললেন, এই সিরিজ জয়ের জন্য যেভাবে খেলা দরকার- তারা সেভাবেই খেলবেন।

গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে শান মাসুদ বলেন, ‘আক্রমণাত্মক ক্রিকেট প্রচলিত কথা বটে। তবে কথা হচ্ছে, আমাদের এখন কী প্রয়োজন। টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের জয় প্রয়োজন। জয়ের মতো পরিস্থিতিতে যেতে আমাদের যে ঘরানার ক্রিকেট খেলতে হবে, সেটা আক্রমণাত্মক হোক বা মাঝেমধ্যে রক্ষণাত্মক হোক। টেস্ট ক্রিকেটে মোমেন্টাম বদলায়। সে অনুযায়ী মানিয়ে নিতে হয়।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা ও র‍্যাঙ্কিং- দুই দিক দিয়েই বাংলাদেশের চেয়ে এগিয়ে পাকিস্তান। ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের অবস্থান ৫ নম্বরে। অন্যদিকে ২৫ শতাংশ পয়েন্টে নিয়ে ৯ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান আটে। এছাড়া টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে আছে পাকিস্তান আর বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। তারপরও বাংলাদেশকে হালকাভাবে দেখতে নারাজ শান মাসুদ।

তিনি বলেন, ‘বাংলাদেশ দলে এমন অনেক খেলোয়াড় আছে, যারা বিশ্বজুড়ে খেলে, অনেক দিন থেকে খেলছে। অনেক অভিজ্ঞ দল। সাধারণত অনেক অভিজ্ঞ দল থাকে তাদের। আমাদের চেষ্টা থাকবে এমন পিচ বানানো, যেটি আমাদের ঘরানার সঙ্গে যায়। আমরা দেশের জন্য ইতিবাচক ফল নিয়ে আসার চেষ্টা করব। আমাদের দল বাংলাদেশ সিরিজের জন্য সেরা প্রস্তুতিই নেওয়ার চেষ্টা করছে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নের কথা জানিয়ে শান মাসুদ আরও বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইলে আমাদের ম্যাচ জিততে হবে। আর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই জয় দরকার। আমাদের ইতিবাচক ইন্টেন্টই দেখাতে হবে। চেষ্টা করতে হবে এমন ধরনের খেলা, যাতে আমাদের দর্শক খুশি থাকে, আমরা জিতি। এমন ধরনের ক্রিকেট, যাতে বাকিরা দেখেও বলে যে পাকিস্তান বেশ ভালো ক্রিকেট খেলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত