পাপনের প্রসঙ্গ এড়িয়ে গেলেন প্রধান নির্বাচক

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৩:২৮ পিএম

রাজনৈতিক পালাবদলের কারণে আত্মগোপনে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি দেশের বাইরে বলেও দাবি করছে অনেকে। কিন্তু তার আসল অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে গতকাল পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। বিসিবি সভাপতি তাতে অনুমোদনও দিয়েছেন। তবে আজ সংবাদ সম্মেলনে নাজমুল হাসানের প্রসঙ্গ এড়িয়ে গেলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

সম্প্রতি জাতীয় দলের আশেপাশে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার বিসিবিতে পরিবর্তন আনতে বলেছেন। অযোগ্যদের বিতাড়িত করে সঠিক ব্যক্তিকে আনার দাবি করেছেন। কেউ আবার দল নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। শনিবার মিরপুরের সংবাদ সম্মেলন কক্ষে এসব বিষয়ে প্রশ্ন উঠলে এড়িয়ে যেতে চাইলেন গাজী আশরাফ, ‘'আজ আমি পাকিস্তান সফরের দল নিয়ে কথা বলব। তবে কোনো ক্রিকেটার যদি নিজেকে বঞ্চিত ভাবেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব।’

গাজী আশরাফ এরপর দাবি করেন, প্রধান নির্বাচক হিসেবে তিনি কখনই বিসিবি সভাপতির কোনো প্রভাব অনুভব করেননি। বিসিবি সভাপতি তাকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি। গাজী আশরাফের ভাষায়, ‘দল যেহেতু চূড়ান্তভাবে অনুমোদন করতেন সভাপতি, উনি ব্যাখ্যা চাইতেন। সেটা চাইতেই পারেন। আমরা ব্যাখ্যা দিতাম। এছাড়া সভাপতি সাহেবের প্রভাব আমি অন্তত অনুভব করিনি।’

এরপর গাজী আশরাফ গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে ভুল তথ্য প্রচার নিয়ে হতাশা ব্যক্ত করেন, ‘মিডিয়ায় অনেক সময় বলা হয় দল নিয়ে “বিসিবি এই ভাবছে, ওই ভাবছে।” কে ভাবছেন, কী ভাবছেন এসব পরিষ্কার থাকে না। নির্দিষ্ট করে বলতে হবে। বোর্ড কর্মকর্তা ভাবছেন নাকি নির্বাচকরা? আমি কিন্তু বিশ্বকাপের সময় দেখেছি, ৪০-৫০ দিন (নাজমুল হোসেন) শান্তকে আমার কাজিন, খালাতো ভাই, মামাতো ভাই হিসেবেই প্রচার করা হয়েছে। কেউ জিজ্ঞেস করেনি এটা খবর শুনেছি এটা সত্য কিনা!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত