চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদের সামনে এ হামলা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে গাড়িতে উঠতে যান ইউপি চেয়ারম্যান নোয়াব আলী। এ সময় ১০ থেকে ১২ জন লোক এসে অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে প্রাণ বাঁচাতে দৌঁড়ে পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন তিনি। সেখানেও ধাওয়া করে তাকে মারধর করেছে দুর্বৃত্তরা।
এদিকে চেয়ারম্যানকে মারধরের ঘটনার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় ফেসবুকে। দুই মিনিট তিন সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন পরিষদ মাঠে চেয়ারম্যানকে সামনে পেয়ে কয়েকজন লোক তার ওপর হামলে পড়ে মারধর শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায়ে চেয়ারম্যান একটি মার্কেটে ঢুকে পড়েন। পরে দুর্বৃত্তরা ধাওয়া করে তার পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলে।
ইউপি চেয়ারম্যান নোয়াব আলী বলেন, ইউনিয়ন পরিষদের কাজ শেষে সিইউএফএল আর্মি ক্যাম্পে যাওয়ার জন্য বের হয়েছিলাম। হঠাৎ করে ১০ থেকে ১২ জন লোক চলে আসে। তারা কিছু বুঝে উঠার আগেই আমাকে মারধর শুরু করে। বর্তমানে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান।
আনোয়ারা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, বিষয়টি শুনেছি। তবে ঘটনাস্থল কর্ণফুলী থানার অধীনে। এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেনের কাছে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান।
এবার আমু ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ