‘আলভারেজের কৌশল আতলেতিকোর ডিএনএর সঙ্গে খাপ খায়’

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৩:৪৬ পিএম

ম্যানচেস্টার সিটিতে দুই মৌসুমে সবকিছু জয়ের স্বাদ পেয়েছেন জুলিয়ান আলভারেজ। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, ক্লাব বিশ্বকাপ কিছুই বাকি নেই তার। তবে ইংলিশ ক্লাবটিতে আর্লিং হালান্ডের দাপটে আড়াল হয়ে যাচ্ছিলেন তিনি। ফলে এই মৌসুমে দলবদল করে এসেছেন স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে। যেখানে অভিষেকের আগেই দলটির কোচ দিয়েগো সিমিওনে ভাসিয়েছেন তাকে প্রশংসায়।

২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড গত সপ্তাহে ৭৫ মিলিয়ন ইউরোতে আতলেতিকোতে স্বাক্ষর করেছেন। আজ রাতে তিনি নামবেন লা লিগায় নিজের অভিষেক ম্যাচ খেলতে। প্রতিপক্ষ দল ভিয়ারিয়াল। সেই ম্যাচের আগে কোচ সিমিওনে জানালেন মুখিয়ে আছেন তাকে আলতেতিকোর জার্সিতে মাঠে দেখতে।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘জুলিয়ান (আলভারেজ) এমন একজন খেলোয়াড় যাকে দেখার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। আশা করি লা-লিগায় আমাদেরকে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে সে সাহায্য করবে। তার এই ক্লাবে আগমনের সবই ছিল খুব আকস্মিক, খুবই তাড়াতাড়ি। সে মাত্রই ক্লাবের সঙ্গে যোগ দিয়েছে, চার দিন ধরে অনুশীলন করছে। কিন্তু নিজেকে দ্রুতই মানিয়ে নিচ্ছে।’

আলভারেজের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়ে সিমিওনে বলেন, ‘কিন্তু আমি তাকে অনেক উৎসাহ নিয়ে দেখি, সে জানে সে কোথা থেকে আসছে এবং বুঝতে পারছে সে কোন দিকে যাচ্ছে। তার বৈশিষ্ট্যগুলি আতলেতিকোর ডিএনএর সঙ্গে খাপ খায়।’ 

আলভারেজ ছাড়াও স্পেনের হয়ে সদ্য শেষ হওয়া ইউরোর শিরোপাজয়ী ডিফেন্ডার রবিন লে নরমান্ড এবং গত মৌসুমের লা লিগার সর্বোচ্চ গোলদাতা আলেকজান্ডার সোরলোথকে দলে পেয়েছেন সিমিওনে। তাদেরকে নিয়ে তাই আত্মবিশ্বাসের পালেও যেন হাওয়া লাগল তার। এবার তাই আরও ভালো কিছু করতে চান তিনি। তবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার যে শক্তিশালি স্কোয়াড আছে সেটাও মনে করিয়ে দিতে ভুলেননি তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত