বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপৎকালীন কার্যক্রম পরিচালনায় আট চিকিৎসককে প্রশাসনের বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন উপাচার্য না আসা পর্যন্ত এই দায়িত্ব অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গতকাল রবিবার এক যোগে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ উপচার্য, প্রক্টর ও রেজিস্ট্রার। পদত্যাগের পর শূন্য প্রশাসন পরিচালনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপৎকালীন সময়ে প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন বিভাগে কর্মরত চিকিৎসকদের সাময়িকভাবে তাদের নিজ দায়িত্ব হিসেবে বিভিন্ন অফিসে তাদের স্ব স্ব নামের পার্শ্বে বর্ণিত পদে পদায়ন করা হলো।
বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের অনুমোদন সাপেক্ষে এসব কর্মকর্তার কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে বলেও আদেশে বলা হয়।
বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশ অনুযায়ী, চর্ম ও যৌন রোগ বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু নাছেরকে উপ-পরিচালক (হাসপাতাল), ইউরোলজি বিভাগের ডা. জাফর ইকবালকে উপ-পরিচালক (সুপার স্পেশালাইজড), গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ডা. মোহাম্মদ মশিউর রহমানকে উপ-পরিচালক (এসেস্ট), ইউরোলোজি বিভাগের ডা. মাহবুবুল ইসলাম খন্দকারকে সুপার স্পেশালাইজড হাসপাতালের উপপরিচালক (আইটি), ভাসকুলার সার্জারি বিভাগের ডা. এ কে আল মিরাজকে উপ-রেজিস্ট্রার (শিক্ষা), অর্থোডনটিক্স বিভাগের ডা. এ কে এম কবির আহমেদকে উপ-রেজিস্ট্রার-১, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগের ডা. মো. রিয়াদুল জান্নাতকে সহকারী পরিচালক (হাসপাতাল) ও ইউরোলোজি বিভাগের মোহাম্মদ এরশাদ আহসানকে সহকারী পরিচালকের (হাসপাতাল) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
অক্সফোর্ডের চ্যান্সেলর হতে চান ইমরান খান
শেরে বাংলা পরিদর্শন শেষে যা বললেন ক্রীড়া উপদেষ্টা