সাভারে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী সাজ্জাদ হোসেন (২৯) নিহতের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। এতে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে প্রধান করে ৩২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫শ জনকে আসামি করা হয়েছে।
রবিবার (১৯ আগস্ট) রাতে নিহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর বাদী হয়ে এ মামলা করেন। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
অন্যান্য আসামিদের মধ্যে অন্যতম হলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, তার ছোট ভাই ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক, পৌর মেয়র আব্দুল গনি এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ চৌধুরী।
মামলা থেকে জানা যায়, গত ৫ আগস্ট সকালে শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ব্যক্তিগত প্রয়োজনীয় কিছু পণ্য কিনতে সাভার বাসস্ট্যান্ডে যান। এসময়ে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর গুলিসহ হামলা চালায় মামলার আসামিরা। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরিই যথাযথ তদন্ত করে আইনের আওতায় আনা হবে।
