এবার হৃত্বিকের সঙ্গী শ্রদ্ধা কাপুর

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৫:০৪ পিএম

‘কোয়ি মিল গ্যায়া’ সিনেমার মাধ্যমে দুই দশক আগে শুরু হয়েছিল বলিউডের জনপ্রিয় ও ব্যবসাসফল ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজি। প্রথম কিস্তির তুমুল জনপ্রিয়তার জেরে পর্যায়ক্রমে আসে আরও দুই কিস্তি। সবশেষ ‘কৃষ-৩’ মুক্তি পায় ২০১৩ সালে। 

ফ্র্যাঞ্চাইজির এই সিনেমগুলোতে হৃত্বিক রোশনের বিপরীতে ছিলেন প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া এবং সর্বশেষ ‘কৃষ ৩’ তে প্রিয়াঙ্কা, কঙ্গনা রানাউত এবং বিবেক ওবেরয়। সিনেমাটির দারুণ ব্যবসার পর থেকেই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার অপেক্ষায় আছেন দর্শক।

সম্প্রতি শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রামে তার একটি রোদমাখা ছবি পোস্ট করেন। সেটা পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেন, ‘জাদুর মতো রোদ চাই আরও’। সেই পোস্টে মন্তব্য করেছেন হৃত্বিক রোশন। অভিনেতা লিখেছেন, ‘সে আবার আসছে। তাকে আমি বলব।’ এমন মন্তব্য দেখেই আনন্দে আত্মহারা ভক্তরা। 

আর তাতেই গুঞ্জন উঠেছে এবারের সিনেমায় হৃত্বিক রোশনের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। কল্পবিজ্ঞানধর্মী এই অ্যাকশন ড্রামায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে চলেছেন হৃত্বিক ও শ্রদ্ধা। 

এর আগে হৃত্বিকের কাজের প্রতি ভালো লাগার কথা ভারতীয় গণমাধ্যমে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন শ্রদ্ধা। এবার একসঙ্গে কাজ করায় শ্রদ্ধার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি শ্রদ্ধা বা ছবির নির্মাতা।

তবে মুম্বাইয়ের একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, এরই মধ্যে শ্রদ্ধার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। অন্যদিকে এক সাক্ষাৎকারে হৃত্বিক বলেন, ‘এখন ‘কৃষ ৪’ নিয়ে কথা বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চিত্রনাট্য সংযোজন চলছে। তবে আমি খুশি। দীর্ঘ বিরতির পর কাজটি হচ্ছে।’ 

এই অভিনেতা আরও বলেন, ‘সিনেমাটি যেহেতু বড় বাজেটের তাই আমাদের অর্থনৈতিক বিষয়গুলোও দেখতে হচ্ছে।’

জানা গেছে এবারের সিনেমার চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় মাসুম। সঞ্জয় জানিয়েছেন, তিনি তার সেরাটা দিতে চান এই ছবিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত