আন্তঃক্যাডারভিত্তিক বৈষম্য নিরসনে ১৪ দফা দাবি জানিয়েছেন বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারের কর্মকর্তারা। দ্রুততম সময়ে দেশের পরিসংখ্যান ব্যবস্থার ব্যাপক সংস্কার এবং সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে তারা এসব দাবি জানান।
মঙ্গলবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন ও উচ্চতর গবেষণার জন্য পরিসংখ্যান সরবরাহ করে আসছে। দেশের আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমন্ডলে তথ্য-উপাত্তের ক্রমবর্ধমান চাহিদার পূরণকল্পে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রণীত অফিসিয়াল পরিসংখ্যানের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ফলে, বিসিএস পরিসংখ্যানের কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ে পরিসংখ্যান ব্যবস্থার ব্যাপক সংস্কার এবং সার্বিক সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য হয়ে পড়েছে।
তাদের দাবিগুলো হলো:-
১. ক্যাডারভিত্তিক মন্ত্রণালয় হতে হবে (ক্যাডার যার মন্ত্রণালয় হবে তার)।
২. পরিসংখ্যান ব্যুরো’র মহাপরিচালক ও উপ-মহাপরিচালক পদে অন্য ক্যাডারের দখলদারিত্ব বন্ধ করতে হবে। প্রেষণে কোনো নিয়োগ চলবে না। অবিলম্বে পরিসংখ্যান ক্যাডারের সিনিয়র কর্মকর্তাগণকে পদোন্নতি দিয়ে উপমহাপরিচালক ও মহাপরিচালকের দায়িত্ব প্রদান করতে হবে। এ প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে উপমহাপরিচালক ও মহাপরিচালক পদে পরিসংখ্যান ক্যাডারের সিনিয়র কর্মকর্তাগণকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করতে হবে।
৩. মহাপরিচালক পদ গ্রেড-১, উপমহাপরিচালক পদ গ্রেড-২, পরিচালক পদ গ্রেড-৩ এ উন্নিতকরণ করতে হবে।
৪. বর্তমানে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের জরুরিভিত্তিতে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করতে হবে।
৫. সব ক্যাডারের ব্যাচভিত্তিক পদোন্নতি নিশ্চিত করতে হবে (অন্তত ৩য় গ্রেড পর্যন্ত)।
৬. কোটামুক্ত ডিএস পুল অর্থাৎ ৭৫% ও ২৫% কোটা বাতিল করে মেধাতালিকার ভিত্তিতে বা সুপিরিয়র সার্ভিস পুলের মাধ্যমে পদোন্নতি নিশ্চিত করতে হবে।
৭. স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদসমূহে সরকারি কর্মকর্তাকে দায়িত্ব প্রদানের যত বিধি রয়েছে, প্রায় সকল ক্ষেত্রে শুধু একটি নির্দিষ্ট ক্যাডারের কর্মকর্তাদের বিবেচনা করা হয়ে থাকে। বৈষম্যের এ নীতি বন্ধ করতে হবে।
৮. বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার এর পদসোপান সুবিন্যস্তকরণ এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন গ্রেডে নতুন পদ সৃষ্টি করতে হবে।
৯. প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমির সব পদ বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারের পদ হিসেবে তৈরি করতে হবে।
১০. জেলা পরিসংখ্যান অফিসসমূহকে যুগোপযোগী এবং অধিকতর কার্যকর করতে প্রতিটি জেলা পরিসংখ্যান অফিসে অবিলম্বে পরিসংখ্যান ক্যাডারের একটি করে পরিসংখ্যান কর্মকর্তা পদ তৈরি করতে হবে।
১১. যে সকল পদ ক্যাডার সিডিউলভুক্তির অপেক্ষায় রয়েছে, সে সকল পদ দ্রুত ক্যাডার সিডিউলভু্ক্ত করতে হবে।
১২. উপ-মহাপরিচালক, পরিচালক ও যুগ্ম-পরিচালক এর স্থায়ীভাবে তৈরি পদসমূহে অনতিবিলম্বে পরিসংখ্যান ক্যাডারের কর্মকর্তাদেরকে পদোন্নতি দিতে হবে এবং সিডিউলে অন্তর্ভুক্ত করতে হবে।
১৩. বিবিএস-এর সাংগঠনিক কাঠামো যুগোপযোগী করতে হবে।
১৪. বৈষম্য সৃষ্টিকারী কর্মকর্তাদেরকে দায়িত্ব প্রদান করা যাবে না।
