র‍্যাপারদের কনসার্ট স্থগিত 

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৮:৫৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্য অনেকের মতো বেশ বড় ভূমিকা রেখেছিলেন র‍্যাপাররা। এই আন্দোলনের কারণে গ্রেপ্তারও হয়েছিলেন র‍্যাপার হান্নান। সম্প্রতি সে ছাড়া পায়। এরপর গত বৃহস্পতিবার র‍্যাপারদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে কনসার্ট করার ঘোষণা দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক।

দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়া আপাতত কনসার্টটি স্থগিত করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। এ সময় বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবানও জানান তিনি।

রিফাত রশিদ জানান, দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাজু ভাস্কর্যে আগামীকালের (বৃহস্পতিবারের) কনসার্ট স্থগিত করা হলো। এখন বন্যার্তদের পাশে দাঁড়ানোর সময়, সবাই এগিয়ে আসুন।

প্রসঙ্গত, ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর প্লাবিত হয়েছে। আশপাশের অন্তত ১০টি গ্রামে পানি প্রবেশ করেছে। স্রোতে ইতিমধ্যে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া একই কারণে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পূর্বের ভাঙা বাঁধের ২৪টি স্থান দিয়ে লোকালয়ে প্রবেশ করেছে পানি। এতে পরশুরাম ও ফুলগাজী উপজেলার ৭০ গ্রামে প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে ১৩ হাজার পরিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত