রবিবার থেকে স্বাভাবিক হবে এনআইডি সেবা

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৭:৪৮ পিএম

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শিথিল করেছেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। ফলে আগামী রবিবার থেকে এ সেবা চালু হতে পারে বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের (আইডিইএ)-২ প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ইসি সচিবালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার প্রধান উপদেষ্টা বরাবর ইসির পক্ষ থেকে চিঠি পাঠানোর কথা থাকলে তা পাঠানো হয়নি। আন্দোলনকারীরা জানান, চিঠিতে তাদের আরও কিছু যৌক্তিক দাবি যুক্ত হওয়ার কারণে সংশোধন করা হচ্ছে। সংশোধন করে আবার ইসি সচিবের কাছে চিঠি দেবে আন্দোলনকারীরা। ইসি সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন। এরপর ওই চিঠি প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হবে।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন সচিবালয়ও মনে করছে তাদের দাবিগুলো যৌক্তিক। কেননা আন্দোলনে থাকা আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) (২য় পর্যায়) প্রকল্পের জনবল এত বছর কাজ করায় যথেষ্ট পরিমাণে দক্ষতা অর্জন করেছে। তাই তাদের দাবিগুলো মেনে নেওয়া যায়।

জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চালু হয়েছে কিনা জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চলমান রয়েছে। ঢাকার অফিসে কার্যক্রম শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত