এক সপ্তাহের মধ্যে দুই সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এর মধ্যে একটি হিমু আকরাম পরিচালিত ‘আলতাবানু জোছনা দেখেনি’। তবে অন্যটার কথা এখনই বলতে চান না তিনি। সিনেমা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে তার সঙ্গে কথা বলেছেন ইমরুল নূর।
নতুন সিনেমা
গত পাঁচদিন আগেই একটি সিনেমার সাইনিং করেছি। কিন্তু এটা নিয়ে এখন কিছু বলতে পারব না। এই ছবিটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমার পছন্দের একজন পরিচালকের। সময় হলে এটা নিয়ে কথা বলব। আর এরমধ্যে সাইন করলাম ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমাটির। এই ছবিটা নিয়ে দুই মাস আগে থেকে পরিচালকের সঙ্গে কথা হচ্ছিল। পরিচালক জানানোর পর সেটা সবার সঙ্গে শেয়ার করলাম।
‘আলতাবানু জোছনা দেখেনি’র গল্প, চরিত্র
গল্পের প্রেক্ষাপট জানালে মানুষের আগ্রহ চলে যায়। তাই এটা এখনই না বলি। তবে হ্যাঁ, সিনেমাটিতে এমন কিছু আছে যেটা আমাকে হ্যাঁ বলতে বাধ্য করেছে। আরেকটা বিষয় হচ্ছে, এই সিনেমায় স্বস্তিকা মুখার্জি আছেন। উনার কাজ আমার ভীষণ পছন্দ, তিনি আমার খুব প্রিয় একজন অভিনেত্রী। এখানে আমার চরিত্র নিয়ে যদি কিছুটা ধারণা দিই, সেটা হলো আপনারা ইতিপূর্বে আমার যে সিনেমাগুলো দেখেছেন তার থেকে একদমই আলাদা। এখানে শরিফুল রাজ, মামুনুর রশীদের মতো গুণী শিল্পীরা রয়েছেন। আশা করছি দারুণ কিছুই হবে।
‘জেনুবিয়া’ ও ‘চারুলতা’
জাফর ফিরোজ পরিচালিত ‘জেনুবিয়া’র শুটিং শুরু হবে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে। পুরো সিনেমাটির শুটিং হবে মালয়েশিয়াতে। আমি যখন কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম তখন সেই সিনেমাটির সাইনিং করি। এর বাকি আপডেট শুটিংয়ের আগে বলতে পারব। আর রাইসুল ইসলাম অনিক পরিচালিত ‘চারুলতা’ সিনেমাটির শুটিং করেছিলাম গেল ঈদের আগে। দুই থেকে তিনদিন শুট করেছি মাত্র। পুরো কাজই বাকি আছে এখন। ঈদের সময়ে ব্যস্ততার প্রয়োজন ছিল বলে ওই সময়ে শুটিং করেছিলাম।
ডিবি হারুনের গল্পে ‘হাওরের মানিক’
এই সিনেমাতে কাজের বিষয় কিছু বলতে চাই না। কারণ এটা নিয়ে এখনো বলার মতো কিছু হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
১৭ তারিখে আবু সাঈদের ছবি একে প্রতিবাদ করেছিলাম। আমি কিন্তু সবার আগে ছবিটা এঁকেছিলাম। কিন্তু সে সময় অনেককেই দেখিনি প্রতিবাদ করতে। বিষয়টা হচ্ছে যে, আমরা সিদ্ধান্ত নিতে থাকি যে কখন প্রতিবাদ করব। আচ্ছা এখন প্রতিবাদের সময় আসছে, এখন প্রতিবাদ করব। একেকজনের প্রতিবাদের ভাষা একেকরকম। সবার প্রতিবাদের ভাষা এক না। সবার নিজস্বতা আছে। আমি যেহেতু একজন শিল্পী আমি ছবি আর্ট করে কিংবা লিখে প্রতিবাদ জানাই। আমি মনে করি, যে ঘটনা আমাকে নাড়া দেয় সেটা নিয়ে আমি অবশ্যই কথা বলার চেষ্টা করি। আমার প্রথম কবিতার বইয়ের নাম হচ্ছে ‘রাস্তার ধারে গাছটার কোনো ধর্ম ছিল না’। এটাও কিন্তু আমার একটা প্রতিবাদ। আমি বিষয়গুলোকে এভাবেই দেখতে পছন্দ করি।
প্রত্যাশা ও পরামর্শ
নতুন সরকারের কাছে এটুকুই চাই যেন আমরা ভালো থাকতে পারি। নিরপক্ষতা চাই, স্বচ্ছতা চাই, জবাবদিহি চাই, আইনের সুশাসন চাই আর যেই হত্যাকা-গুলো ঘটেছে সেগুলোর ওপেন বিচার দেখতে চাই এখন। যে মানুষটা আবু সাঈদকে গুলি করল সেটার বিচার যেন আমরা স্বচ্ছতার সঙ্গে দেখতে পারি, যে তার বিচারটা হচ্ছে। আমি সাধারণ মানুষ এর থেকে বেশি কিছু আর কী চাইব। আর কিছু মাথায়ও নেই এই মুহূর্তে, আর কী চাওয়া যায়।
শোবিজ ইন্ডাস্ট্রিতে সংস্কার
আসলে অনেক কিছুর সংস্কার প্রয়োজন। আমি ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার পর থেকে নিয়মিত কাজ করছি অর্থাৎ ৭ বছর ধরে। এর মধ্যে অনেক প্রতিকূল অবস্থারই মুখোমুখি হয়েছি। সেটা কি রাজনৈতিকভাবে? অবশ্যই না। কারণ আমার সঙ্গে তো রাজনীতির কোনো সংযোগ নেই বা রাজনীতির কারণে হয়েছে তাও তো আমি বলতে পারব না। পুরো ক্যারিয়ারে কত প্রতিকূলতার মধ্যেই তো থাকতে হয়েছে আমাকে। এখন আমি চাইলে ফেসবুকে লিখতে পারি যে, এটা হয়েছিল বা ওটা হয়েছিল। কিন্তু আমি এ রকম একজন মানুষ যে কি না আমার অসহায়ত্বের কথা কারও সঙ্গে বলব না। এটা আমার সিদ্ধান্ত। এখন কেউ যদি আমাকে কোনো কাজ থেকে বাদ দিয়ে দিল এখন সেটা নিয়ে যদি লিখি তাহলে অনেক মানুষ হয়তো সোশ্যালে এটা-ওটা বলবে যে, ‘আহারে উনার সঙ্গে অন্যায় হয়েছে।’ এ রকম অনেক কিছুই হয়তো বলবে, কিন্তু আমি এটা চাই না। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আমার দর্শকদের, আমার ভালোবাসার মানুষদের পজেটিভ তথ্য দিতে চাই। কখনোই অসহায়ত্বের গল্প বলতে চাই না।
অন্যায়ের প্রতিবাদ
অসহায়ত্বের গল্প শুধু মিডিয়া ইন্টারেস্ট দিতে না, প্রতিটি জায়গাতেই আছে। এখন আমি সেসব গল্প বলতে চাই না আর। কেউ যদি আমার সঙ্গে কোনো কারণ ছাড়াই অন্যায় করে থাকে সেটাকে আমি এভাবে দেখি যে তারও নিশ্চয়ই কোনো যুক্তি
থাকতে পারে, কেন সে এটা করেছে। তাই আমি মনে করি না যে এগুলো বলার মধ্যে কোনো বাহাদুরি আছে। অনেক কিছুই আছে যেগুলো আমি বলতে চাই না। তবে কখনো বলার সময় হলে অবশ্যই বলব। আমি প্রতিবার একটা কথা বলি, আমি কখনো আমার আবেগকে বিক্রি করব না। তবে কেউ যদি আমার বন্ধু হন তাহলে তাকে আমি বলতে পারি, কিন্তু কোনো ইন্টারভিউতে আমি আমার আবেগ বিক্রি করব না। এটা আমার ইচ্ছা আর কি।
