দীর্ঘ ১৬ বছরের অনিয়ম দুর্নীতি ১৬ দিনেই দূর করা সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির। তিনি বলেছেন, আমাদের কাছে আলাদিনের চেরাগ নেই। ১৬ বছরের অনিয়ম-দুর্নীতি ১৬ দিনেই অপসারণ করা সম্ভব নয়। তবে আমরা সব সেক্টরের বৈষম্য নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করবো।
শনিবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে মানিকগঞ্জের শিবালয়ে ৩৫ মেগাওয়াটের সোলার বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন, সহসাই বিদ্যুতের দাম কমানো যাচ্ছে না। কারণ প্রতিবছর এই খাতে কোটি কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। ইতিপূর্বে বেশি দামে বিদ্যুৎ কেনায় এই সমস্যা হয়েছে। কমদামে বিদ্যুৎ না কেনা পর্যন্ত আমাদেরকে ধৈর্যধারণ করতে হবে।
তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ বন্ধ রয়েছে। বন্যা পরবর্তী সময়ে এর ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সময়গুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে। ২০১০ সালে আইন করার মাধ্যমে কোনো প্রতিযোগিতা ছাড়াই প্রকল্প নেওয়া হতো।
এর মধ্যদিয়ে খাতিরের লোকদের প্রকল্প দেওয়া হয়েছে। ইচ্ছেমতো দাম বাড়ানো হত। উদ্দেশ্য ছিলে অনিয়মের মাধ্যমে বেশি দামে বিদ্যুৎ কিনে, নানা অজুহাতে গ্রাহকের কাছে বেশি দামে বিক্রি করা বলে জানান এ উপদেষ্টা।
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবসহ প্রশাসক রেহেনা আকতার, স্পেক্ট্রা সোলার পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফতাব উদ্দিন খান বাচ্চু, মানিকগঞ্জ পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
