যুক্তরাষ্ট্রের সামরিক হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধই রাখা হবে বলে জানিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির একটি সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি।
সূত্রটি জানায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে কি না, কিংবা চলাচলের ওপর বিধিনিষেধ অব্যাহত থাকবে কি না সে সিদ্ধান্ত শুধুমাত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থ বিবেচনায় নেওয়া হবে।
সামরিক সূত্রটি আরও বলে, 'যতদিন যুক্তরাষ্ট্রের হুমকি ও বৈরী তৎপরতা অব্যাহত থাকবে, ততদিন এই অবস্থার কোনো পরিবর্তন হবে না।'
ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা তাদের সার্বভৌম অধিকার। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি তেল ও গ্যাস এই নৌপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি।
তেহরান সতর্ক করে বলেছে, এ অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা বা হরমুজ প্রণালিতে ইরানের কর্তৃত্ব খর্ব করার যেকোনো বিদেশি প্রচেষ্টার জবাব দেশটির সশস্ত্র বাহিনী দৃঢ় ও সিদ্ধান্তমূলকভাবে দেবে।
ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেবে না ইরান।