কুমিল্লায় আটকে পড়া বন্যার্তদের উদ্ধারের আকুতি যুবকের 

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৭:১৯ পিএম

কুমিল্লা বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের একটি পরিবারকে উদ্ধারের আকুতি জানিয়েছেন ওই পরিবারের সদস্য নাজমুল হোসেন। তিনি উপজেলার শিকারপুর গ্রামের আলী আশ্রাফের ছেলে। শনিবার (২৪ আগস্ট) মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের উদ্ধারের আকুতি জানান তিনি। 

নাজমুল হোসেন জানান, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত থেকে তার পরিবারের সদস্যরা আটকে আছেন। তাদের সঙ্গে মাত্র এক লিটার পানি রয়েছে।  

মোবাইল ফোনে ওই যুবক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার পরিবার তিনদিন ধরে এক লিটার পানি নিয়ে আটকে আছে। সেখানে আমার ভাই মো. লিটন ও পরিবারের ১০ জন সদস্য রয়েছে। তাদের তিনদিনেও উদ্ধার করতে পারিনি। আজ সকাল পর্যন্ত তারা কথা বলতে পেরেছেন। তিন তলার ছাদে থাকায় পানি এখনও তাদের স্পর্শ করতে পারেনি।’

তিনি আরো বলেন, ‘আমি অনেক মানুষকে উদ্ধার করছি। কিন্তু আমার পরিবারকে উদ্ধার করতে পারছি না। শিকারপুরের দিকে কোনও নৌকা বা স্পিডবোট যাচ্ছে না। সেদিকে স্রোত হওয়াতে যেতে সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করছি, সেদিকে যেতে। সবাই দোয়া করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত