গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের হিন্দুদের উপর হামলা-অত্যাচার এবং তাঁরা দেশ ছেড়ে ভারত চলে যাচ্ছেন, এমন কিছু গুজব ও ভুয়া তথ্য প্রকাশ করা হয় ভারতীয় মিডিয়ায়।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি নিয়ে অসংখ্যা ভুল তথ্য ছড়ানো হয়।
তবে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে হিন্দু সম্প্রদায়ের কেউ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেননি বলে দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্যা হিন্দুস্তান টাইমস।
সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী বললেন, ‘বাংলাদেশের হিন্দুরা একটু লড়াই করছে। তবে, তারা ভারতে প্রবেশের চেষ্টা করছে না। গত এক মাসে একজন হিন্দুকেও ভারতে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়নি।’
তবে হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে চাপ দিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছেন তিনি।
তিনি বলেন, ‘আমরা আমাদের প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে বলার জন্য অনুরোধ করেছি।’
কোন হিন্দু ব্যক্তি ভারতে অনুপ্রবেশ না করলেও বাংলাদেশ থেকে কয়েকজন মুসলিম ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন আসামের মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘ভারতের পোশাক খাতে চাকরি খুঁজতে গত এক মাসে ভারতে অনুপ্রবেশের সময় ৩৫ জন মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁরা আসামে থাকার জন্য আসেননি। তাঁরা বেঙ্গালুরু ও তালিমনাড়ু, কোয়েম্বাটুরে পোশাক কারখানার কাজ করতে যেতে চেয়েছিলেন।’
