সাকিবকে ফাঁসানো হচ্ছে, দাবি মুমিনুলের

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১২:২১ এএম

রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময় ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছে। এই হত্যা মামলায় সাকিবসহ আসামি করা হয়েছে মোট ১৫৬ জনকে। তার বিরুদ্ধে মামলাটিকে ‘মিথ্যা মামলা’ বলে দাবি করেছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

আজ সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুমিনুল লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’

তিনি যোগ করেন, ‘গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায়বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সব সময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।'

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন মুমিনুল। সেখানে সাকিব প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘সাকিব ভাই সব সময়ই দলের সবার জন্য অনুপ্রেরণা। দলের প্রয়োজনে বরাবরই জ্বলে ওঠেন তিনি; ইতিহাস গড়ার ম্যাচে সাকিব ভাইয়ের স্পেলও ছিল সমান কার্যকরী। আপনার সার্ভিস আরও লম্বা সময় বাংলাদেশ দল পাবে, সেটাই প্রত্যাশা। আপনার ভালো-খারাপ সব সময়ই পাশে আছি সবাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত