আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১১ (২) অনুযায়ী প্রফেসর নিয়াজ আহমেদ খান, পিএইচডি, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।
এর আগে ২৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়টির শীর্ষ পদগুলোতে নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে নিয়াজ আহমেদ খানের নিয়োগের বিষয়টি জানা যায়। উপাচার্য হিসেবে নিয়োগের আগে তিনি বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভিসি এবং ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করা অধ্যাপক খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।
ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সিনিয়র অ্যাকাডেমিক উপদেষ্টা, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সিনিয়র অ্যাকাডেমিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা নিয়াজ আহমেদ খান উন্নয়ন খাতেও কাজ করেছেন।
আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ- আইইউসিএন এর বাংলাদেশে প্রতিনিধি এবং বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন (আরণ্যক) ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন তিনি।
