বাংলাদেশের কাছে পাকিস্তানের হারের কারণ খুঁজে পাচ্ছেন না ইমরান

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৬:৪০ পিএম

বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। হারের পর দেশটির সাবেক ক্রিকেটারা সমালোচনা করছেন দল ও দলের খেলোয়াড় নিয়ে। এবার পাকিস্তান ক্রিকেট দলের সমালোচনা করলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

রাজনৈতিক কারণে ইমরান বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে আছেন। তবে জেলে বসেই শাহিন-শান-বাবরদের হার নিয়ে কথা বলেছেন তিনি। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে দলের ব্যর্থতা নিয়েও কথা বলেন।

ইমরানের অফিসিয়াল এক্স পোস্টে বলা হয়, 'প্রথমবার পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে পারেনি। এবার বাংলাদেশের বিপক্ষে আমাদের বিব্রতকর এক হারের সাক্ষী হতে হয়েছে। আড়াই বছর আগে ভারতকে এই দল (পাকিস্তান) ১০ উইকেটে হারিয়েছিল। গত আড়াই বছরে এমন কী হয়েছে যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম? এই ধ্বসের দায় একটা প্রতিষ্ঠানের (পিসিবি) ওপরই পড়বে।'

পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির সমালোচনা করে ইমরান বলেন, 'ক্রিকেটই একমাত্র খেলা যেটা পুরো জাতি এক হয়ে টিভিতে উপভোগ করে। কিন্তু ক্ষমতাসীনরা একজন অযোগ্য এবং উপকারভোগী ব্যক্তিকে নিয়োগ দিয়ে ক্রিকেটকে ধ্বংস করেছে।'

৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত