ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আজ মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বোচ্চ পদে বসলেন ৩৫ বছর বয়সী জয় শাহ। আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন এই ভারতীয় সংগঠক।
জয় শাহর চেয়ারম্যান হিসেবে মেয়াদ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ শেষ হবে আগামী ৩০ নভেম্বর।
২০১৯ সালের অক্টোবর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিবের দায়িত্ব পালন করছেন জয় শাহ। ২০২১ সালের অক্টোবর থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধানও তিনি।
নতুন দায়িত্ব পেয়ে জয় শাহ বলেন, 'আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্ব জুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করব। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা।'
পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির প্রধান হচ্ছেন জয় শাহ। তার আগে এই দায়িত্ব পালন করেছেন - জগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর। ২০১৬ সাল পর্যন্ত আইসিসির প্রধানের পদটি ছিল প্রেসিডেন্ট। এরপর থেকে চেয়ারম্যান পদ তৈরি করা হয়। বাংলাদেশের মোস্তফা কামালও প্রেসিডেন্ট ছিলেন আইসিসির।
সাকিব দেশের হয়ে খেলে যাবেন
বাবা ১৩৭ বলে ০, ছেলে ৭১ বলে ৪
বার্সায় আজ অভিষেক হতে পারে ওলমোর