চুরির অপবাদে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০১:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল ফোন চুরির অপবাদে হেবজু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে এ ঘটনা ঘটে। হেবজু মিয়া ভাটামাথা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাটামাথা গ্রামের শাহ আলমের ঘর থেকে মঙ্গলবার (২৭ আগস্ট) একটি মোবাইল চুরি হয়। চুরির ঘটনায় তারা প্রতিবেশি হেবজু মিয়ার স্ত্রীকে সন্দেহ করে। এ ব্যপারে রাতে প্রতিবেশী রোমান মিয়ার বাড়িতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহআলম ও তার স্ত্রী রেখা বেগম ঘরের ভাঙ্গা চৌকাঠ দিয়ে বৃদ্ধ হেবজু মিয়াকে মারধর শুরু করে। গুরুহর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে মারা যান হেবজু মিয়া।

ধরখার ফাঁড়ি থানা ইনচার্জ এস আই মাসুদ বলেন, ‘রাতেই লাশ উদ্ধার করে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের আত্মীয়-স্বজনদের আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত