বাবার সাথে জাদুঘরে ঘুরতে গিয়েছিল চার বছরের ছোট বালক। কিন্তু ভুলবশত শিশুটির কারণে ঘটে যায় বিশাল এক দুর্ঘটনা। শিশুটির হাতে লেগে ভেঙে যায় বিরল এক নিদর্শন, সাড়ে ৩ হাজার বছরের পুরোনো একটি জার বা বয়াম।
এমন ঘটনাটি ঘটেছে ইসরায়েলের হাইফার হেচট মিউজিয়ামে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
শিশুটির বাবা অ্যালেক্স বলেন, ‘তার ছেলে জারটির ভেতরে কি রয়েছে, কৌতূহলী হয়ে তা দেখার জন্য সামান্য টেনেছিল। যার ফলে এটি পড়ে যায় এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
অ্যালেক্স আরও বলেন, তিনি ভেঙে ফেলা জারের পাশে তার ছেলেকে দেখে চমকে গিয়েছিলেন। প্রথমে ভেবেছিলেন তার সন্তান হয়তো এমনটি করেনি। তবে ছেলেকে শান্ত করার পর তিনি জাদুঘরের নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলেন।
হাইফার হেচট মিউজিয়াম জানিয়েছে, ভেঙে যাওয়া জারটি ব্রোঞ্জ যুগের খ্রিস্টপূর্ব ২২০০ থেকে ১৫০০ সালের মধ্যে তৈরি করা এবং এটি ছিল সম্পূর্ণ অক্ষত বিরল এক প্রত্নবস্তু।
বিবিসি বলছে, কাঁচের নিরাপত্তাবেষ্টনী ছাড়াই জাদুঘরের প্রবেশদ্বারের কাছে ওই প্রত্নবস্তুটি প্রদর্শনের জন্য রাখা ছিল। কারণ, কোনও ধরনের ‘বাধা ছাড়া’ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে দেখানোর মধ্যে ‘বিশেষ আকর্ষণ’ রয়েছে বলে বিশ্বাস করে জাদুঘর কর্তৃপক্ষ।
হেচট মিউজিয়াম বলেছে, কয়েকদিন আগে ঘটে যাওয়ার এই ঘটনাটি পর শিশুটিকে তার পরিবারের সাথে জাদুঘরের প্রদর্শনীতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।
জাদুঘর কর্তৃপক্ষ জানায়, জাদুঘরের প্রদর্শনের জিনিসগুলোকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করা হলে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। তবে এক্ষেত্রে ছোট শিশু দ্বারা দুর্ঘটনাক্রমে জার ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিক্রিয়া অন্যরকম হবে।
জারটি পুনরুদ্ধার এবং সংরক্ষণের জন্য একজন বিশেষজ্ঞ নিযুক্ত করা হয়েছে এবং এটি অল্প সময়ের মধ্যে তার জায়গায় ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।
আসাম থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশি শিক্ষার্থীকে