অগ্রিম বুকিংয়ের কয়েক মিনিটেই শেষ মেহজাবীনের প্রথম সিনেমার টিকিট 

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৪:২৭ পিএম

চৌদ্দ বছরের সফল ক্যারিয়ারে মেহজাবীন চৌধুরীকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকেরা। দর্শকের সেই চাওয়া মাথায় রেখে সিনেমাতে নাম লেখান ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় এ অভিনেত্রী। তবে দেশে মুক্তি পাওয়ার আগে এটি প্রদর্শিত হতে যাচ্ছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ)।

শতাধিক সিনেমার মধ্যে উৎসবটির ডিসকভারি প্রোগ্রামে জায়গা করে নেয় মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। ৭ সেপ্টেম্বর এ উৎসবে ছবির বিশ্ব প্রিমিয়ার হচ্ছে। এরমধ্যেই অগ্রিম টিকিট ছাড়ার দিনই দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েন। যার দরুণ প্রথম দিনেই টিকিট ছাড়ার কয়েক মিনিটেই টিকিট শেষ হয়ে যায়।

জানা গেছে, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকের জন্য ‘সাবা’র তিনটি প্রদর্শনী রয়েছে। বাকি দুটি শো ৮ ও ১৪ সেপ্টেম্বর। আরেকটি শো শুধু আমন্ত্রিত সাংবাদিক, নির্মাতা ও শিল্পীদের জন্য।

এদিকে অগ্রিম টিকিট বুকিংয়ের খবরে বন্ধুদের জন্য টিকিট কাটার চেষ্টা করেও কাটতে পারেন নি এর অভিনেত্রী মেহজাবীন। জানালেন, পরশু রাতে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। বন্ধুদের জন্য তিনটি টিকিট কাটার চেষ্টা করেও পাননি। সেইসঙ্গে এও জানালেন, প্রিমিয়ারে ছবিটি টরন্টোর বন্ধুদের সঙ্গে বসে দেখতে পারছেন না বলে আফসোসে পুড়ছেন তিনি।

আগামী ৮ সেপ্টেম্বরের সিনেমাটির প্রদর্শনীতে থাকবেন বলে জানিয়েছেন মেহজাবীন চৌধুরী। আগামী ২ অথবা ৩ সেপ্টেম্বর টরন্টোর উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি। বললেন, ‘ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ দেখে ভালো লাগছে। বিশ্বের বিভিন্ন দেশের এত সিনেমা থাকার পরও আমাদের বাংলাদেশের সিনেমার টিকিট শেষ হয়ে গেছে। সিনেমাটা আমার না হয়ে অন্য কারও হলেও বিষয়টা নিয়ে আমি গর্ববোধ করতাম’

দেশের বাইরে মুক্তির পর আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি দেশে মুক্তি পেতে পারে বলে জানা গেছে। এর আগে ছবিটি নিয়ে আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

ফিউশন পিকচারসের ব্যানারে নির্মিত ‘সাবা’ নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহাজবীন চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন মাকসুদ ও ত্রিলোরা খান। নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। মেহজাবীন ছাড়া এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত