বন্যায় ফেনীতে ১৯ জনের মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৭:০৩ পিএম

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টির কারণে ফেনীতে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ১১ পুরুষ, ৫ নারী ও তিন শিশু রয়েছে। নিহতদের মধ্যে ১৩ জনের পরিচয় শনাক্ত হয়েছে, বাকিদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। ইতিমধ্যে পানি কমে যাওয়ায় অনেকের গলিত মরদেহ পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ফেনী জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- পরশুরাম উপজেলার উত্তর ধনীকুন্ডা এলাকার মৃত আমির হোসেনের ছেলে সাহাব উদ্দিন (৭২), একই উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রামের দেলোয়ার হোসেন (৪২), ফুলগাজী উপজেলার নোয়াপুর গ্রামের শাকিলা আক্তার (২২), উত্তর করইয়া গ্রামের বেলালের ছেলে কিরণ (২০), দক্ষিণ শ্রীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রাজু (২০), কিসমত বাসুড়া গ্রামের আবুল খায়ের (৫০), লক্ষ্মীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৈয়দ তারেক (৩২), শনিরহাট গ্রামের নুর ইসলামের মেয়ে রজবের নেচা (২৫), ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের ফুরফুরের নেসা (৭৫) সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মাবুল হকের ছেলে নাঈম উদ্দিন (২৮), ছাড়াইতকান্দি গ্রামের শেখ ফরিদের ছেলে আবির (৩), দাগনভূঞা উপজেলার উত্তর করিমপুর গ্রামের নুর নবীর ছেলে নুর মোহাম্মদ মিরাজ (৮ মাস) এবং জয়লস্কর এলাকার হুমায়ুন কবিরের ছেলে জাফর ইসলাম (৭)।

নিহতদের মধ্যে ফুলগাজীতে ৬ জন, সোনাগাজীতে ৫ জন, দাগনভূঞায় ৩ জন, পরশুরামে ২ জন, ছাগলনাইয়ায় ১ জন ও সদরে ২ জনের লাশ পাওয়া গেছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে তারা বন্যার কারণেই মারা গেছেন। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। তবে ফুলগাজীতে ১ জন নিখোঁজ রয়েছে বলে তিনি জানান।

পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা বলেন, নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারে বন্যায় ফেনীতে ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেড় লাখ মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ও বাকিরা বিভিন্ন উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন।

ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার বলেন, মারা যাওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। লাশ উদ্ধারের তথ্য আমরা পেয়েছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত