ক্যাপটেন শান্তর কাছে ‘অনুভূতি প্রকাশের ভাষা নেই’

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

পাকিস্তানের মাটিতে তাদেরকেই ধবলধোলাই। নিশ্চিতভাবে বাংলাদেশের ২৪ বছরের টেস্ট ক্রিকেটের পথচলায় সবচেয়ে বড় অর্জন। অর্জনের স্বীকৃতি, শিরোপা নিতে এসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তও তাই আনন্দে বাকরুদ্ধ। অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘এটি অনেক বড় কিছু। ভাষায় প্রকাশ করার মতো না।’

যোগ করেন, ‘আমরা এখানে জয়ের উদ্দেশ্যে এসেছিলাম। খুব ভালো লাগছে প্রত্যেকেই তার নিজের কাজগুলো ঠিকমতো করতে পেরেছেন। আমাদের পেসাররা তাদের কাজের নীতিতে দুর্দান্ত ছিলেন আর সেজন্যই আমরা এমন ফলাফল করতে পেরেছি। সবাই নিজের জায়গায় সৎ ছিলেন এবং জিততে চাচ্ছিলেন, আমি আশা করবো এই ইচ্ছাটা সামনেও অব্যাহত থাকবে।’

দলে অভিজ্ঞ ক্রিকেটারদের কদর বোঝেন শান্ত। করেছেন ভূয়সী প্রশংসা, ‘পরের সিরিজটি (ভারতের মাটিতে) আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ জয় আমাদের আত্মবিশ্বাস জোগাবে। মুশি ও সাকিবের মতো দুজনের অভিজ্ঞতা আমাদের সঙ্গে আছে। ভারত সিরিজের জন্য তারা খুবই গুরুত্বপূর্ণ। এই কন্ডিশনে যেভাবে বোলিং করে সাকিব ভাই ৫ উইকেট নিলেন সেটা দারুণ। আশা করি ভারতেও তিনি একই কাজ করে যাবেন।’

সিরিজ জয়তো হলো, উৎসব কখন তার উত্তরে শান্ত বলেন, ‘আশা রাখি জেতার এই সংস্কৃতিটি অব্যাহত থাকবে। আর পার্টি, সেটা ম্যানেজারের দায়িত্ব। আমাদের সফরও করতে হবে। তবে আমরা আনন্দের সঙ্গে এ যাত্রাটি করবো।’

এ নিয়ে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ২০২১ সালে জিম্বাবুয়ের পর তৃতীয়বার বিদেশের মাটিতে সিরিজ জিতলো টাইগাররা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত