দুই ছেলেসহ ডা. রবিউলের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১২ পিএম

নগরের পাহাড়তলী চক্ষু হাসপাতালের (চিটাগাং আই ইন ফার্মারি অ্যান্ড ট্রেইনিং কমপ্লেক্স ট্রাস্টি) ম্যানেজিং ট্রাস্টি প্রফেসর ডা. রবিউল হোসাইন (৮৭) এবং তার দুই ছেলে, পুত্রবধূসহ পাঁচজনের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন দৈনিক আজাদী পত্রিকার পরিচালনা সম্পাদক এবং অ্যাপেলো ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ওয়াহিদ মালিক (৫২)। গতকাল বুধবার দুপুরে তিনি এ অভিযোগ দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন প্রফেসর ডা. রবিউলের ছেলে রাজিব হোসেন (৫৪), রিয়াজ হোসেন (৫০) এবং তার স্ত্রী সাঈদা হুমায়রা আমরিন রহমান (৪০)। আসামিদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এর ১৭/১৯ (ক), ২৫/ (গ)/২৯/৩১/৩৩ ধারার অপরাধ সংঘঠনের অভিযোগ আনা হয়েছে। মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) মেট্রো ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী জিয়া হাবীব আহসান।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, বাদী ২৫ বছর ধরে দৈনিক আজাদী পত্রিকার পরিচালনা সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তার পিতা দৈনিক আজাদীর সম্পাদক ও প্রকাশক এমএ মালেক নগরের পাহাড়তলী চক্ষু হাসপাতালের চেয়ারম্যান এবং অ্যাপেলো ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের পরিচালক।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ উঠার পর বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু হলে তারা বাদী ও চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্নভাবে হয়রানি করছেন। মামলার ২ নং আসামি রাজিব হোসেন সিইআইটিসি থেকে চাকরিচ্যুতির পরও তার জন্য ইতিপূর্বে বরাদ্দ করা এপার্টমেন্ট এখনো বুঝিয়ে দেননি।

এপার্টমেন্ট ছাড়তে নোটিশ দিলে রাজিবসহ অন্যান্য আসামিরা বাদীর ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। এ পর্যায়ে আসামিরা বাদী ও তার পিতা এম এ মালেককে নানাভাবে মানহানি করার পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে গত ৭ আগস্ট বাদীর প্রতিষ্ঠানে (সিইআইটিসি) হামলা চালান। নিজেদের এমন অপরাধ কর্মকাণ্ডের ভিডিওচিত্র এডিট করে বাদী ও তার পিতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপ্রপ্রচার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত