পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী ক্রিকেটাররা গত বুধবার মধ্যরাতে একে একে বের হচ্ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সবার মুখেই হাসি। তারপর মুহূর্তের মধ্যে সবাইকে চমক দেয় একজনের উপস্থিতি। তিনি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোচদের ১২ আগস্ট পর্যন্ত ছুটির কথা থাকলেও দলের সঙ্গে তার ঢাকায় আগমনের ছবি ছড়িয়ে পড়ে মিডিয়ায়। শুরু হয়ে যায় কানাঘুষা। তবে কী নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেই ঢাকায় ফিরেছেন তিনি!
৮ সেপ্টেম্বর থেকে ভারত সফরের টেস্ট খেলোয়াড়দের অনুশীলন শুরু হবে মিরপুরে। কোচিং স্টাফরা ছুটি কাটিয়ে ১২ তারিখে যোগ দেবে। জাতীয় দল ১৫ তারিখে যাবে চেন্নাইয়ে। সেখানে কাউন্টি ক্রিকেট খেলে আসা সাকিব আল হাসান যোগ দেবেন সরাসরি। ১৯ তারিখ থেকে চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। রাজনৈতিক পটপরিবর্তনের পর বদল এসেছে বিসিবিতে। নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়েছেন ফারুক আহমেদ। দেশের ক্রিকেটের প্রধানের চেয়ারে বসার আগেই হাথুরুসিংহেকে ছাঁটাইয়ের কথা বলেছিলেন। প্রয়োজনে আর্থিক ক্ষতি দিয়ে হলেও সেটা করবেন বলে জানিয়েছিলেন। যা শুনে শ্রীলঙ্কান কোচও বোর্ডের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পরও নিজের সিদ্ধান্তে অনড় আছেন বলেও জানান ফারুক আহমেদ।
তারপর মাঠে তার শিষ্যরা করেন বাজিমাত। নাজমুল হোসেন শান্তরা পাকিস্তানকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটে ও পরেরটিতে ৬ উইকেটে হারিয়ে প্রথমবার বড় কোনো দলের বিপক্ষে সত্যিকার সিরিজ জয়ের স্বাদ পান। তাতেই উল্টে যায় পাশার দান। প্রথম টেস্ট জয়ের পর বিসিবি সভাপতি বলেছিলেন, হাথুরুর ব্যাপারে সিদ্ধান্তে অনড় তিনি, তবে ‘পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত’ নেওয়ার কথা বলেন।
সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার কারণও যৌক্তিক। পাকিস্তানের মাটিতে টেস্টে এবার ধবলধোলাই করে এসেছে হাথুরুর অধীনে খেলা টিম টাইগার্স। এতে করে তাকে এতদিন ছাঁটাইয়ের পরামর্শ দেওয়া অনেকেই লঙ্কান কোচের পক্ষে কথা বলছেন। পরিসংখ্যানও হাথুরুর পক্ষেই কথা বলে। লাল সবুজদের সফলতম কোচও যে এই শ্রীলঙ্কানই। এখন পর্যন্ত তার কোচিংয়ে ২৯ টেস্ট খেলেছে বাংলাদেশ। জয় পেয়েছে ১১, ড্র করেছে ৪টিতে। ১৪৪ টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ২১টি, এর ১১টিই হাথুরুসিংহের হাত ধরে। তার জয়গুলোর অন্যতম শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে। এ ছাড়া জয় আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর পাকিস্তানের সঙ্গে।
জয়ের হিসেবে তার ধারেকাছে নেই আর কোনো কোচ। রাসেল ডমিঙ্গো ও স্টিভ রোডস পেয়েছেন তিনটি করে জয়। জেমি সিডন্স দুটি ও ডেভ হোয়াটমোর একটি। ড্রয়ের হিসেবে হোয়াটমোরের সমান হাথুরু। এমনকি বাংলাদেশের জেতা ১৫৯ ওয়ানডের ৩৫টি জয়ই এসেছে তার অধীনে। এ ছাড়া হোয়াটমোর ৩২টি, সিডন্স ৩১, ডমিঙ্গো ২১ ও রোডস ১৭টি।
পাকিস্তানকে সিরিজে হারানোর পর এসব পরিসংখ্যান নিয়ে এখন চর্চা হচ্ছে ক্রিকেটাঙ্গনে। অনেকে আবার তাকে চুক্তির মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ হিসেবে রেখে দেওয়ার পক্ষেও মত দেন। তাতে মনে হচ্ছে ফারুক আহমেদকে তার অবস্থান বদলাতেই হচ্ছে! কিন্তু নতুন করে আলোচনার জন্ম দেয় বুধবার রাতে জাতীয় দলের সঙ্গে তার ঢাকায় ফিরে আসাটা। যা দেখামাত্রই অনেকেই বলতে শুরু করেছেন বোর্ডের সঙ্গে আলোচনা করতেই তার ঢাকায় আসা।
তবে কার সঙ্গে আলোচনায় বসবেন হাথুরুসিংহে। আইসিসির সভায় অংশ নিতে বোর্ড সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা দুজনেই এখন দুবাইতে। বিসিবির এখনো হয়নি কোনো স্ট্যান্ডিং কমিটি। যে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করতে পারেন, সেই দায়িত্বও এখনো কাউকে দেওয়া হয়নি। হাথুরুসিংহের ভবিষ্যৎ কী এ বিষয়ে কোনো বৈঠক হয়েছে কি না, জানতে চাইলে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘নাহ! এ বিষয়ে কোনো বৈঠক বা আলোচনা হয়নি। এখন পর্যন্ত তিনিই আমাদের প্রধান কোচ।’
ছুটির মধ্যে হাথুরুসিংহের আচমকা ঢাকায় আগমনের কারণ কী তাহলে? বিসিবির ক্রিকেট অপারেশনসের ইনচার্জ শাহরিয়ার নাফীস যা বলেন, ‘তিনি আসলে অস্ট্রেলিয়া যাবেন। সিঙ্গাপুর এয়ারলাইনসে ঢাকা থেকে যাওয়াটা সহজ, তাই দলের সঙ্গে এসেছিলেন। আজ (গতকাল) রাতেই তার ফ্লাইট।’ জানা গেছে, গতকাল রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন হাথুরুসিংহে।
এ দুজনের কথায় পরিষ্কার আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত সফরে হাথুরুসিংহেকেই কোচ হিসেবে পাচ্ছেন মিরাজ-শান্তরা।
