দুই বাংলায় নতুন পাওলি দাম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৫ এএম

আরজি কর-কাণ্ডে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে। চারপাশে নারী ক্ষমতায়নের পক্ষে আলোচনা শুরু হয়েছে। কলকাতার শোবিজ অঙ্গনেও এই প্রতিবাদ অব্যাহত রয়েছে। শিল্পীরাও পথে নেমেছেন। রাত জুড়ে রাজপথে অবস্থান নিয়েছেন। এবার পর্দাতেও সেই আন্দোলন উঠে আসছে। একটি নতুন ওয়েব সিরিজে এক প্রতিবাদী চরিত্রে দর্শক পাওলি দামকে দেখা যাবে। বলিউডে পাওলি দাম যেমন নজর কেড়েছেন তেমনই কলকাতা ও ঢাকার পর্দাতেও পাওলি দামের উপস্থিতি চমক লাগিয়েছে। এবার দুই বাংলাতেই নতুন রূপে দেখা দিতে যাচ্ছেন পাওলি দাম।

তার সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘কাবেরী’ এখন মুক্তির অপেক্ষায়। এটির পরিচালনায় রয়েছে সৌভিক কুন্ডু। অন্যদিকে, ঢাকার একটি সিনেমায় জুলাই মাসে শুটিং করে গেছেন তিনি। প্যারাসাইকোলজিক্যাল থ্রিলারে অন্যতম চরিত্র করছেন। বাংলাদেশের আলোচিত উপন্যাস থেকে চলচ্চিত্রটির চিত্রনাট্য করা হয়েছে।

এই সিরিজে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন পাওলি। চরিত্রটি পারিবারিক নির্যাতনের শিকার নারীর। শিক্ষিকার সঙ্গে এক ছাত্রীর সম্পর্ককে কেন্দ্র করে গল্প এগিয়েছে। ভীরু স্বভাবের চরিত্রটি শেষ পর্যন্ত কীভাবে ঘুরে দাঁড়ায়, তার উত্তর দেবে এই সিরিজ। প্রথমে সিরিজের নাম স্থির হয়েছিল ‘গুটিপোকা’। পরে অবশ্য ‘কাবেরী’ নামটিই চূড়ান্ত হয়েছে।

নির্মাতাদের দাবি, সিরিজে পাওলি অভিনীত চরিত্রটির সফরের সঙ্গে সঙ্গেই রহস্য এবং চমক বুনে দেওয়া হয়েছে। সিরিজে পাওলির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সৌরভ চত্রবর্তী। নতুন এই জুটি পর্দায় কী চমক হাজির করেন, তা নিয়ে ইতিমধ্যেই অনুরাগী মহলে কৌতূহল দানা বেঁধেছে। পাওলির কথায়, ‘আমার কাছে কাবেরী শুধুই কোনো চরিত্র নয়, একটা আলাদা সফর। যে সমস্ত নারী ভুক্তভোগী, আশা করছি, এই সিরিজটা তাদের মনোবল জুগিয়ে প্রতিবাদের ভাষা খুঁজে নিতে সাহায্য করবে।’

এদিকে, বাংলাদেশের নতুন একটি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। ‘নীল জোছনা’ শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করছেন ফাখরুল আরেফীন খান। মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাওলিকে। গত জুলাইয়ে ঢাকায় এসেছিলেন এই অভিনেত্রী। শুটিংও করে গেছেন।

পাওলি বলেন, ‘এ কাজ নিয়ে আমার নির্মাতা ফাখরুল আরেফীন খানের সঙ্গে গত বছর থেকেই কথা হচ্ছিল। তিনি আমার সঙ্গে যোগাযোগ করে গল্প পাঠান এবং বইটির নাম বলেন। এরপর আমি মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ পড়তে শুরু করি। গল্প পড়েই আমি মুগ্ধ হয়ে কাজটি করার জন্য সম্মত হই। শুটিংয়ে অংশগ্রহণ করলাম। দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে আমার। এ ছাড়া এ ধরনের গল্পে বাংলা ভাষায় খুব একটা সিনেমা হয় না।’

অপর হাতে, ‘কাবেরী’ সিরিজটির শুটিং শেষ হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, খুব শিগগিরই এটি মুক্তি পাবে ‘হইচই’-এ।

সর্বশেষ সর্বাধিক পঠিত