ভাঙনে সড়ক, স্থাপনা বিলীন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ এএম

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর আকস্মিক ভাঙনে মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির তেল সরবরাহ কেন্দ্র, বিএডিসির সারের গুদাম, ভৈরব নদীবন্দরের সংযোগ সড়কসহ বেশ কিছু কাঁচা বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে।

ভাঙনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভাঙনরোধে তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছে। খবর পেয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেদুয়ান রাফি ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, গতকাল রবিবার ভোররাতে হঠাৎ সংযোগ সড়কসহ নদীর পাশের ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান নদীতে তলিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এ এলাকা থেকে বিগত সরকারের আমলে প্রভাবশালী একটি মহল রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার বলে এই স্থান থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে। ফলে গত বছরেও নদীভাঙনে বেশ কিছু স্থাপনা নদীতে তলিয়ে যায়। এতে দুই ব্যক্তির মৃত্যু ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত