মোটরসাইকেল বহর পরিহারসহ ২ নির্দেশনা বিএনপির

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ এএম

জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। এ ছাড়া পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে। দলটি বলছে, যেহেতু বিএনপি জনসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণের সমস্যা হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। গতকাল রবিবার জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, সব সাংগঠনিক জেলা ও মহানগর এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে দুই বার্তা দিয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের অধীন কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল বহর ও কারসহ অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে। এসব শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘœ ঘটে। যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মিসভা অথবা জনসভা হয়, সেই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলেও শোভাযাত্রার কারণে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়; যা কোনোভাবেই কাম্য হতে পারে না।’

চিঠিতে আরও বলা হয়, ‘যেহেতু বিএনপি জনসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত