র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, র্যাবকে ক্রসফায়ার, গুম, খুন থেকে দূরে থাকতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন উপদেষ্টা।
তিনি বলেন, র্যাব গঠনের সময় বলা হয়েছিল, বাহিনীটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। কিন্তু পরবর্তীকালে তা মানা হয়নি। সাধারণ মানুষের মনে বদ্ধমূল ধারণা এই যে যখন থেকে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা শুরু হয়, তখন থেকেই র্যাব গুম, খুনসহ বিভিন্ন বেআইনি ও অপকর্মের সঙ্গে জড়িত হতে শুরু করে। র্যাব গঠনের শুরুর দিকে এটি একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী হিসেবে মানুষের সম্মান, আস্থা ও বিশ্বাস অর্জন করে। পুলিশ ও সশস্ত্র বাহিনীর সেরা অফিসারদের এখানে পদায়ন করা হতো। যখনই রাজনৈতিক বিবেচনায় এ বাহিনীতে নিয়োগ ও পদায়ন শুরু হয়, তখন থেকে এতে পচন ধরতে শুরু করে।
র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশ নেন।
