নতুন ইলেকট্রিক স্কুটি কিনেছিলেন ২৬ বছর বয়সী এক যুবক। কিন্তু তার নতুন কেনা স্কুটিটি বারবার বিকল হয়ে যাচ্ছিল। পরে সেটি মেরামত করতে শোরুমে দেন যুবক। কিন্তু মেরামতে বিলম্বের জন্য শোরুমে আগুন লাগিয়ে দেন তিনি।
মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, ২৬ বছরের নাদিম গত ২৮ আগস্ট ওলা ইলেকট্রিক স্কুটিটি কিনেছিলেন এবং সেটি নিয়ে নিয়মিত সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। ভারতের উত্তর কর্ণাটকের কালাবুর্গির বাসিন্দা ওই যুবক এ নিয়ে প্রচণ্ড অসন্তুষ্ট ছিলেন। কারণ ওলা ইলেকট্রিকের কর্মীরা বারবার অভিযোগ নেওয়া এবং পরিদর্শন করা সত্ত্বেও তার সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছিলেন।
নাদিম স্কুটারটি কেনার জন্য ১.৪ লক্ষ টাকা ব্যয় করেছিলেন। তবে কয়েকদিনের মধ্যেই স্কুটিটির ব্যাটারি ও সাউন্ড সিস্টেমে কারিগরি সমস্যা দেখা দিতে শুরু করে। বারবার অভিযোগ জানানোর পরেও কিছু হচ্ছিল না। নাদিম নিজেও পেশায় মিস্ত্রি।
রেগে গিয়ে গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পেট্রোল কিনে কালাবুর্গির ওলা ইলেকট্রিকের শোরুমে আগুন ধরিয়ে দেন তিনি। সৌভাগ্যবশত শোরুমটি বন্ধ থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ছয়টি স্কুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে আট লাখ টাকার বলে ধারণা করা হচ্ছে।
তবে অগ্নিসংযোগে নাদিমের ভূমিকা প্রকাশ্যে আসার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে গোটা ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। পুলিশ গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। আর কেউ এই ঘটনায় জড়িত কি না সেটাও দেখা হচ্ছে।
ঢাকা ও রংপুরের বিভাগীয় কমিশনারকে বদলি