সাজু-ঊর্মিলাকে শোকজ নোটিশ দিল অভিনয় শিল্পী সংঘ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে নানা ধরনের অপ্রীতিকর মন্তব্য করায় সমালোচনায় পড়েছে আওয়ামীপন্থী তারকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’।

অরুণা বিশ্বাসের আক্রমণাত্মক বক্তব্য আরও বেশি সমালোচিত করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি ঢালার’ পরামর্শ দেন তিনি। এ ছাড়া গ্রুপটিতে বেশ সক্রিয় ছিলেন অভিনেতা সাজু খাদেম ও ঊর্মিলা শ্রাবন্তী করসহ আরও ক’জন।

এর মধ্যে অভিনয় সংঘের নির্বাহী কমিটিতে আছেন সাজু ও ঊর্মিলা। সম্প্রতি তাদের বিরুদ্ধে কারণ দর্শনোর চিঠি পাঠিয়েছে সংঘ। 

সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা যেটি করেছি, তা হলো ইসি কমিটির যে দুজন মেম্বার ওই গ্রুপটিতে ছিল—সাজু খাদেম ও ঊর্মিলা শ্রাবন্তী কর। এর মধ্যে ওই গ্রুপে অ্যাডমিন হিসেবে ছিল সাজু খাদেম, আর বেশকিছু স্ক্রিনশট শেয়ার করেছে ঊর্মিলা। যে কারণে তাদের আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।’ 
  
এ ছাড়া স্ক্রিনশট ভাইরালে আলোচিত অরুণা বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতিসহ বাকি সদস্যদের বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

এদিকে, যে দুই তারকা কারণ দর্শানোর নোটিশ পেলেন তাদের পক্ষ থেকে কোনো ফিরতি চিঠি পেয়েছেন কিনা—জানতে চাইলে নাসিম জানান এখনও কোনো উত্তর দেননি তারা।

উল্লেখ্য, ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, নায়ক রিয়াজ আহমেদ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। আর এতে যুক্ত ছিলেন শোবিজের অনেক তারকা। এই তালিকায় আছেন জায়েদ খান, সাইমন সাদিক, সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, তানভীন সুইটি, হৃদি হক, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা, শুভ্র দেব, মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরুসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত