আল হিলালের চ্যাম্পিয়নস লিগ দলে নেইমার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম

নেইমার ২০২৩ এর অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন। সম্প্রতি এককভাবে অনুশীলন শুরু করলেও কবে মাঠে ফিরবেন সে নিশ্চয়তা নেই। ধারণা করা হচ্ছিলো আগামী অক্টোবর মাসেই খেলায় ফিরতে পারবেন তিনি। পরে কিছু গণমাধ্যমে বলা হয়, নেইমার মাঠে ফিরতে পারেন জানুয়ারিতে।

এরপর নেইমার আল হিলালের স্কোয়াডে থাকবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। কারণ সৌদি প্রো লিগে প্রতিটি দল ৮ বিদেশির বেশি নিবন্ধন করতে পারে না। আল হিলালে নেইমারসহ বিদেশি আছে ৯ জন।

তবে নেইমারকে স্কোয়াডে রেখেছেন আল হিলাল কোচ। সেটি এএফসি চ্যাম্পিয়নস লিগের ৩১ জনের স্কোয়াডে। নেইমার ইনজুরিতে পড়ার আগে ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র ৫ ম্যাচ। গোল করেছেন একটি, অ্যাসিস্ট তিনটি। নেইমারের সঙ্গে ২০২৫ এর জুন পর্যন্ত চুক্তি আছে আল হিলালের।

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্ব শুরুর পাঁচদিন আগ পর্যন্ত স্কোয়াড পরিবর্তন করা যায়। পাঁচদিন আগে যে স্কোয়াড থাকবে সেটি রাখতে হবে গ্রুপ পর্ব শেষ হওয়া পর্যন্ত। এরপর আবার চাইলে পরিবর্তন করা যাবে স্কোয়াড।

এএফসি চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে সৌদির ক্লাব আল হিলালের প্রথম ম্যাচ কাতারের ক্লাব আল রায়ানের বিপক্ষে ১৭ সেপ্টেম্বর। তার আগে ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট।

এই মৌসুম থেকে টুর্নামেন্টের নাম পরিবর্তন হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট হয়েছে। এর আগেও বেশ কয়েকবার এই টুর্নামেন্টের নাম পরিবর্তন হয়েছে। এএফসি চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে সফল ক্লাব আল হিলালই। তারা চারবার জিতেছে শিরোপা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত