লক্ষ্মীপুরে কৃষকদল নেতার অডিও ভাইরাল, কারণ দর্শানোর নোটিশ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

লক্ষ্মীপুরে অস্ত্র ও হত্যা মামলার ফাঁসানোর ভয় দেখিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক জহির উদ্দিনের নিকট দুই লাখ টাকা দাবি করেছেন লক্ষ্মীপুরের কৃষকদলের এক নেতা। মোবাইলে তাদের কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর এ ব্যাপারে ওই নেতাকে কৃষক দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

এদিকে অডিও রেকর্ড সাজানো বলে দাবি করেছেন অভিযুক্ত কৃষকদল নেতা জসিম চৌধুরী। তিনি জেলার রায়পুরের বামনী ইউনিয়ন কৃষক দলের সদস্যসচিব। 

অভিযোগে জানা গেছে, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক জহির উদ্দিনকে মামলা থেকে অব্যাহতি দিতে মোবাইল ফোনে দুই লাখ টাকা দাবী করেন ওই নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৭ মিনিটের অডিওতে জসিম চৌধুরীকে বলতে শোনা যায়, ‘ভাই বোঝেন তো! অস্ত্র মামলা, হত্যা মামলা। যদি এই মামলা একবার ইস্যু হয়ে দাঁড়ায়। তাহলে ২, ৪, ১০ ও ১৫ বছরেও কিছু হবে না। জমি বিক্রি করেন, আমারে টাকা দেন।’

তবে কৃষক দল নেতা জসিম চৌধুরী দাবি করেন, অডিওটি এডিট করা। তিনি দলের নেতাদের বিষয়টি জানিয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের নেতা জহির উদ্দিনের কাছে চাঁদা চাননি। তবে শোকজ নোটিশ পেয়েছেন এবং তার জবাব দেবেন।

অভিযোগ আছে, সবুজ ভূঁইয়া নামের এক বিএনপি নেতা অস্ত্র ও হত্যাচেষ্টার মামলা করবেন বলে স্বেচ্ছাসেবক লীগের নেতা জহির উদ্দিনকে ভয় দেখান কৃষক দলের জসিম চৌধুরী। ওই মামলা থেকে রেহাই পেতে হলে তিনি জহিরকে জমি বিক্রি করে হলেও দুই লাখ টাকা দিতে বলেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির উদ্দিন বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। জসিম ফোন করে হত্যা ও অস্ত্র মামলা থেকে নাম বাদ দেওয়ার অজুহাত দেখিয়ে আমার কাছে দুই লাখ টাকা দাবি করেছেন। এক পর্যায়ে তিনি বলেছেন, প্রয়োজনে জমি বিক্রি করে হলেও আমি যেন তাকে টাকা দিই।’

রায়পুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউসার মোল্লা বলেন, দুই দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার জন্য জসিমকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির আলোকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত