৩২ বছর বয়সে প্রথমবার দুলীপ ট্রফিতে খেলার সুযোগটা দারুণ এক সেঞ্চুরিতে রাঙিয়েছেন প্রথম সিং। প্রথমের সেঞ্চুরিতে ভর করে জয়ের সুবাস পাচ্ছে তাঁর দল ভারত ‘এ’।
প্রথম রাউন্ড শেষে শুবমান গিল ভারত জাতীয় দলের ক্যাম্পে চলে যাওয়ায় 'এ' দলের হয়ে খেলার সুযোগ পান প্রথম সিং। অনন্তপুরে ভারত 'ডি' দলের বিপক্ষে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেনিংয়ে নেমে বাহাতি এই ব্যাটসম্যান করলেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে অবশ্য ৭ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে সেই ব্যর্থতা কাটিয়েছেন প্রথম সিং। দুর্দান্ত ব্যাটিংয়ে মায়াঙ্ককে নিয়ে ওপেনিং জুটিতে দলকে ১১৫ রান এনে দেন প্রথম। মায়াঙ্ক ৫৬ রানে আউট হলেও তিন অঙ্ক ছুঁয়েছেন প্রথম। ‘এ’ দলের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম যখন আউট হলেন, তখন তার নামের পাশে ১২২ রান। ১৮৯ বলের এ ইনিংসে ১২টি চার ও ১টি ছক্কা মেরেছেন প্রথম।
ঘরোয়া ক্রিকেটে প্রথমের অভিষেক হয়েছিল সেই ২০১৭ সালে। অথচ দুলীপ ট্রফিতে সুযোগ পেলেন এতদিন পরে এসে। প্রথম শ্রেণিতে প্রথমের এটাই প্রথম সেঞ্চুরি নয় অবশ্য। ২৮ ম্যাচ খেলার পর গত ফেব্রুয়ারিতে প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন লাল বলের ক্রিকেট। রঞ্জি ট্রফির ম্যাচে রেলওয়ের জার্সিতে ত্রিপুরার বিপক্ষে ৩০০ বলে অপরাজিত ১৬৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
প্রথম সিং অবশ্য দুবার আইপিএলেও ডাক পেয়েছিলেন। ২০১৭ আইপিএলে গুজরাট লায়ন্স ও ২০২২ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সদস্য হলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি তিনি।
১১ অক্টোবর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল
তামিম অবসর নিয়েছে নাকি? –প্রশ্ন বিসিবি সভাপতির