অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ৪ জনকে আটক করেছে বিজিবি। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
আটকরা হলেন- জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জামাল হোসেন (৫০), আব্দুর রহিমের ছেলে ফরিদ (২৮), একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ইউসুফ আলী (৩২) ও একই এলাকার আব্দুল করিমের ছেলে জুয়েল রানা (৩২)।
জানা যায়, শুক্রবার রাতে তেঁতুলিয়ার কানকাটা সীমান্ত এলাকায় হঠাৎ গুলির শব্দ পায় বিজিবি টহল দল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে ১৩ থেকে ১৪ জনের একটি দল ভারতীয় সীমান্তের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের পিছু নেয় বিজিবি সদস্যরা। পরে সেই দলের চারজনকে আটক করা হয়। বাকিরা বাংলাদেশের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়।
বিজিবির জিজ্ঞাসাবাদে আটকরা অবৈধভাবে ভারতে যাওয়া চেষ্টা করছিলো বলে জানায়। এ সময় তাদের কাছ থেকে তারকাটার হাইড্রলিক কাটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপির নায়েব সুবেদার মো. সৈবুর রহমান বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আরমান আলী বলেন, বিজিবি চারজনকে আসামিসহ অজ্ঞাত ৯/১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে। পরে তাদের সেই মামলা গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, আমাদের বিজিবির টহল দল ৪ জনকে আটক করে। তারা ৪ জনই চোরাকারবারির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অবৈধভাবে ভারতে যেতে না পারে তার জন্য আমরা টহল জোরদার করেছি।
