নিজের বাজে ফর্মের কথা এড়িয়ে গেলেন শান্ত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম

অধিনায়ক হিসেবে তিনি প্রায় প্রতিটি ম্যাচেই প্রশংসা আদায় করে নিচ্ছেন। ক্রিকেট সম্পর্কে তার স্বচ্ছ ধারণা, ক্রিকেটীয় আইন নিয়ে ঘাটাঘাটিতেও তিনি সেরা। কিন্তু অধিনায়ক হওয়ার পর ফর্মটাই ভালো যাচ্ছে না নাজমুল হোসেন শান্তর। সর্বশেষ পাকিস্তান সিরিজেও তার ব্যাট হাসেনি। ভারতে যাওয়ার আগে তাই শান্তর ফর্ম নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা আছে।

পূর্ণ মেয়াদে অধিনায়ক হওয়ার পর ৪ টেস্টে ৭ ইনিংসে শান্তর মোট রান ৯০! সর্বোচ্চ ৩৮ রানের ইনিংসটা খেলেছেন রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। এবারের ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে টাইগাররা। অধিনায়ক হওয়ার পর এই ফরম্যাটে ১৭ ইনিংসে নাজমুলের সর্বোচ্চ রান মাত্র ৫৩। এই ১৭ ইনিংসের মধ্যে ৮টিতেই তিনি দুই অংকে যেতে পারেননি।

আজ রবিবার ভারতে যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শান্তকে তার ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে অনেকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন শান্ত, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য বাংলাদেশ দল জিতুক। আমার ইচ্ছা ব্যাটার হিসেবে যেন দলে অবদান রাখতে পারি। ওটার জন্য যেরকম প্রস্তুতির দরকার ছিল আমি নিতে পেরেছি। আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন অবদান রাখতে পারি।’

অথচ, অধিনায়ক হওয়ার আগে ২৩ টেস্টে ২৯.৮৩ গড়, ৪ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে শান্ত করেছেন ১২৮৩ রান। সর্বোচ্চ ১৬৩। অধিনায়ক হওয়ার পর তার ফিল্ডিং সাজানো, বোলিং পরিবর্তনসহ অধিনায়কত্বের মৌলিক বিষয়গুলোতে তাকে লেটার মার্ক দিয়েছেন ক্রিকেটবোদ্ধারা। অনেকেই মনে করছেন, নেতৃত্বের কারণেই হয়তো পারফর্মার শান্ত হারিয়ে গেছেন! সেই হারিয়ে যাওয়া শান্তকে যত দ্রুত ফিরে পাওয়া যায়, ততই ভালো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত