সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০১৪ সালের ২৩ মার্চ উপজেলা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গুলিতে আবদুল হাদিস (৪২) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আসামি করে দশ বছর পর মামলা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) নিহত হাদিসের ভাই বাহার মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদের আদালতে অভিযোগ করেন। পরে আদালত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্তের জন্য আখাউড়ার থানার ওসিকে নির্দেশ দেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন- আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা, বিজিবির তৎকালীন সরাইল ১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সিইইউ মেজর এরশাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক কাশেম ভূইয়া, তাকজিল খলিফার ভাই সিঅ্যান্ডএফ সাধারণ সম্পাদক ফুরকান খলিফা প্রমুখ।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ মার্চ আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেসময় আবুল কাশেম আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নিহত হাদিস মিয়া ভোটকেন্দ্রের প্রায় ৩০০ গজ দূরে অবস্থান করছিলেন। ভোটকেন্দ্রের কাছাকাছি বিএনপির কর্মী-সমর্থকদের অবস্থানের বিষয়টি মামলার আসামিরা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফাকে মুঠোফোনে জানান। আনিসুল ও তাকজিল সেসময় নিহত হাদিসসহ অন্যদের দেখামাত্রই গুলির জন্য বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ককে নির্দেশ দেন। বিজিবির তৎকালীন অধিনায়ক ঘটনাস্থলে পৌঁছে একটি রাইফেল নিয়ে গুলি করে। এ সময় বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই হাদিস মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত