মিলাদুন্নবীর মিছিল কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পবিত্র ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষে মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় একটি মসজিদেও হামলা-ভাঙচুর চালায়। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে বলে জানান স্থানীয়রা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আজ ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষে স্থানীয় শিয়া ও সুন্নি মতবাদের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুপুরের দিকে কুলিয়ারচর বাসস্ট্যান্ড এলাকায় মিলাদুন্নবীর দুপক্ষের দুটি মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। পরে মুখোমুখি সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে বলে এলকাবাসি জানান। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এর মধ্যে আহত অবস্থায় বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মীর মিলন নামে একজনের মৃত্যু হয়।

জানা যায়, সংঘর্ষের সময় ছয়সূতী মসজিদে হামলা ও ভাঙচুর করে একটি পক্ষ। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কুলিয়ারচর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জোহরা জানান, দুটি পক্ষকে আলাদা রাস্তায় মিছিল করতে বলা হয়েছিল। কিন্তু এক পক্ষ কথা না রেখে বাসস্ট্যান্ডের সামনে আসলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের পর বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল ও আশপাশে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত