চোট ওলমোর, ৫ সপ্তাহ তাকে পাবেন না কোচ ফ্লিক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম

জিরোনার বিপক্ষে দুর্দান্ত জয়ের ম্যাচেই বড় এক দুঃসংবাদ পেয়েছে বার্সেলোনা। চোট পেয়ে ছিটকে গেছেন স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো। লা লিগায় পাঁচ ম্যাচ খেলে সবগুলো জয়ের পর এ সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করবে বার্সেলোনা। আগামী বৃহস্পতিবার মোনাকোর মাঠে খেলবে তারা।

লা লিগায় রোববার প্রতিপক্ষের মাঠে ৪-১ ব্যবধানে জয়ে দলের শেষ গোলটি করেন বার্সেলোনার এই মিডফিল্ডার। এরপরই পেশিতে অস্বস্তি বোধ করেন তিনি। ৬১তম মিনিটে তাকে তুলে এরিক গার্সিয়াকে নামান কোচ হানসি ফ্লিক।

পরের দিন বার্সেলোনা এক বিবৃতিতে ওলমোর চোটের বিষয়টি জানায়। প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে কিছুদিন আগে সাড়ে পাঁচ কোটি ইউরো ট্রান্সফার ফিতে লাইপজিগ থেকে বার্সেলোনায় যোগ দেওয়া এই ফুটবলারকে।

বার্সেলোনায় যোগ দিয়ে দলটির হয়ে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জালের দেখা পেয়েছেন ২৬ বছর বয়সী ফুটবলার। এ সংবাদে কোচ ফ্লিকের কপালেও পড়ছে দুশ্চিন্তার ভাঁজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত