স্ত্রীর স্বীকৃতি চেয়ে যুবকের বাড়িতে তরুণীর অনশন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছে এক তরুণী। অনশনে বসা তরুণীর নাম তানিয়া আক্তার (২৪)। তিনি চট্টগ্রামের পাহাড়তলী উপজেলার বিটেক গ্রামের জাকির হোসেনের মেয়ে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে অবস্থান নিয়ে অনশন করছেন ওই তরুণী। এর আগেও স্ত্রীর স্বীকৃতি পেতে কাবিননামায় দেওয়া ঠিকানা চাঁদপুর জেলার সদর উপজেলার খুলিশাধুলি গ্রামে অনশন করেন তিনি।

অভিযুক্ত যুবকের নাম ফয়সাল আহমেদ পাপ্পু। সে নয়ানগর গ্রামের আবুল কালামের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, ঢাকায় একটি গার্মেন্টস কাজের সময়ে নয়ানগর গ্রামের ফয়সাল আহমেদ পাপ্পুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয় পড়েন তানিয়া। পরে তারা দুজনে বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পর স্বামী মাদকাসক্ত হয়ে পড়লে স্বামীকে ডিভোর্স দেন তানিয়া। এভাবে কিছুদিন যাওয়ার পর পাপ্পু মাদক ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তানিয়াকে বিয়ের জন্য চাপ দিলে পুনরায় ২০২২ সালে তাদের বিয়ে হয়। বিয়ে করে তানিয়াকে নিয়ে ফেনী জেলায় একটি ভাড়া বাসায় থাকতেন পাপ্পু।

গত ৬ মাস ধরে তানিয়াকে ভাড়া বাসায় রেখে চলে যান পাপ্পু এবং তানিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তানিয়া বিভিন্নভাবে পাপ্পুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। উপায় না পেয়ে মঙ্গলবার তানিয়া বাবার বাড়ি পাহাড়তলী উপজেলার বিটেক গ্রাম থেকে গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে পাপ্পুর বাড়িতে এসে ওঠেন।

অনশনরত তানিয়া বলেন, আমার মা নেই, বাবা আছে। সে আমাকে বিয়ে করে একটি বাসায় রেখে  পালিয়ে গেছে। খবর পেয়েছি সে আবার দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে আছে। আমার আসার খবর শোনে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। সে আমার সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে। পাপ্পু যদি আমাকে স্ত্রীর স্বীকৃতি না দেয় তাহলে আমি আত্মহত্যা করব।

ফয়সাল আহমেদ পাপ্পুর মা রোজিনা বেগম বলেন, পাপ্পু আমার প্রথম সংসারের ছেলে। ওর বাড়ি এখানে না চাঁদপুর। পাপ্পু নয়ানগর থাকে না। ওই মেয়ে কিছু করলে চাঁদপুর গিয়ে করুক এখানে কেন?তাদের বিয়ের বিষয়ে আমি কিছু জানা নেই। 

বিষয়টি নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত