প্রাণনাশের হুমকির অভিযোগে কিরণের বিরুদ্ধে ক্লাব কর্তার জিডি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম

শর্ত মেনে নারী ফুটবল লিগে খেলার আবেদন করার পরও খেলতে না দেওয়ার ফলে আর্থিক ক্ষতিপূরণের দাবী করতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর  অভিযোগ উঠেছে বাফুফের নির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তারের বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর মতিঝিল থানায় কিরণের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ক্লাব কর্মকর্তা। জিডি নাম্বার ৯১৪। ২০১৯-২০২০ নারী লিগে অংশ নেওয়া বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এ. আর. মনিরুজ্জামান এই সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন। বাফুফের বিদায়ী সভাপতি কাজী সালাউদ্দিনের "কাছের মানুষ" হিসেবে পরিচিত কিরণের নারী ফুটবল নিয়ে স্বেচ্ছাচারিতার আরেকটি চিত্র এর মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়- মাহফুজা আক্তার কিরণ যোগসাজসে ২০২১-২০২২ মৌসুমে দু'টি ক্লাব বেগম আনোয়ারা এসসি ও ঢাকা ডায়মন্ড এসসিকে লিগে অংশ নিতে পারেনি। ফলে ক্লাবদু'টির আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। উক্ত ক্ষতিপূরণের টাকা গত ৪ আগস্ট আনুমানিক সকাল ১০টার দিকে বাফুফে ভবনে চাইতে গেলে কিরণ সেই টাকা দিবেন না বলে জানিয়ে দেন এবং ভয়-ভীতি ও হুমকি দেন। কিরণের বিরুদ্ধে ডিজিতে অভিযোগ করা হয় তিনি নাকী প্রাণনাশেরও হুমকি দেন মনিরকে। এছাড়া জিডিতে কিরণের বিরুদ্ধে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দিন আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের টাকা দিয়ে আন্দোলনরত ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দেওয়ার অভিয়োগ তোলা হয়েছে। অভিযোগকারী কিরণের বিরুদ্ধে অতীতে বিভিন্ন দুর্নীতি ও অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে জিডিতে যে কোন সময় দেশত্যাগ করতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন। 

জিডির বিষয়ে অভিযোগকারীর সঙ্গে কথা হয় দেশ রূপান্তরের এই প্রতিবেদকের। মনিরুজ্জামান বলেন, 'কিরণ পকেট ভোটার নিশ্চিত করতে নিজের পাচাটাদের ক্লাবগুলোকে নারী লিগে খেলার সুযোগ দেন দুর্নীতির মাধ্যমে। অথচ ফিফার সকল শর্ত মেনে অনেক টাকা খরচ করে আমরা লিগে অংশ নেওয়ার আবেদন করি। তবে তারা আমাদের লিগে না রাখায় ক্লাবের অনেক অর্থের ক্ষতি হয়। সেই ক্ষতিপূরণের টাকা দাবী করতে গিয়ে উল্টো প্রাণনাশের হুমকি পাই কিরণের কাছ থেকে। তাই সবকিছু জানিয়ে আমি মূলত মতিঝিল থানায় গিয়েছিলাম মামলা করতে। তবে মামলার পরিবর্তে থানা জিডি হিসেবে লিপিবদ্ধ করে।' 

বিষয়টি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। উল্লেখ্য সম্প্রতি কিরণের খুটির জোড় হিসেবে পরিচিত বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে বিএনপি'র চেয়ারপারসনের গাড়ি বহনে ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলা হয়েছে। চার মেয়াদের আলোচিত এই সভাপতি সম্প্রতি আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে শোনা যাচ্ছে কিরণ যে করেই হোক, টিকে যেতে চান বাফুফের ক্ষমতায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত