পিটিয়ে হত্যা

জাবিতে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শামীম মোল্লা নামে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত শামীম মোল্লা ইতিহাস বিভাগের ৩৯ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

অফিস আদেশে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লার মৃত্যুর অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে প্রক্টরিয়াল বডির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণাদির (ভিডিও ফুটেজ ও ফটোগ্রাফ) ওপর ভিত্তি করে অভিযুক্ত শিক্ষার্থীদের অপরাধ বিবেচনা করে তাদেরকে শাস্তি প্রদান করা হলো।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী রাজন মিয়া এবং একই বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী রাজু আহমেদ, ইংরেজি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী হামিদুল্লাহ সালমান ও একই বিচাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান রায়হান, ইতিহাস বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী আতিকুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী সোহাগ মিয়া ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী আহসান লাবিব।

এদের মধ্যে রাজন মিয়া, রাজু আহমেদ এবং হামিদুল্লাহ সালমান শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে আহসান লাবিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক।

ঘটনা তদন্তে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক স্বাধীন সেনকে সভাপতি করে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, ইতিহাস বিভাগের অধ্যাপক মো. এমরান জাহান, ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম এবং সচিব হিসেবে রয়েছেন মো. লুৎফর রহমান আরিফ (ডেপুটি রেজিষ্ট্রার উচ্চ শিক্ষা ও বৃত্তি)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত