লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণ আদায় 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম

লক্ষ্মীপুরে আবদুর রহমান নামে এক যুবলীগ নেতাকে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পাঁচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী যুবলীগ নেতা আবদুর রহমান সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পাঁচপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। 

জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে আবদুর রহমান পাশের পালপাড়া বাজারে শিশু সন্তানের চুল কাটানোর জন্য গেলে পাঁচপাড়া গ্রামের বিএনপির কর্মী নিকু ও খোকনের নেতৃত্বে একদল লোক তাকে মারধর করে। পরে তাকে মারতে মারতে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর তাকে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আলোচনা শেষে স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আবদুল হান্নানের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান তিনি। 

যুবলীগ নেতা আবদুর রহমানের পরিবার সূত্র জানায়, মারাত্মক আহত আবদুর রহমানকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। 

বিএনপি নেতা ও ইউপি সদস্য আবদুল হান্নান মুক্তিপণ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি। 

এ ব্যাপারে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। কেউ থানায় অভিযোগও করেনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত