চট্টগ্রামে শেখ হাসিনাসহ ২০৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী, পুলিশ, সাংবাদিকসহ ২০৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাতে নগরের চান্দগাঁও থানায় নিহত শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার বন্ধু আজিজুল হক বাদী হয়ে এই মামলা দায়ের করেন। গত ১৬ জুলাই নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাটে গুলিবিদ্ধ হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থী। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, শেখ হাসিনার সঙ্গে মামলায় আসামি হিসেবে আছেন, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী, সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়াল, খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। চসিকের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নুরে আলম মিনা, সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম, সাবেক চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, নগরের পাঁচলাইশ থানার সাবেক ওসি আবুল কাশেম ভূঁইয়া, কোতোয়ালী থানার সাবেক ওসি মোহাম্মদ মহসিনসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত