এমন পরাজয়েও ইতিবাচক দিক খুঁজে পেলেন নাজমুল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পিএম

চেন্নাই টেস্ট শেষ হয়ে গেল তিন দিনের একটু বেশি সময়ে। আজ রবিবার চতুর্থ দিনের প্রথম সেশনেই ভারত ম্যাচ জিতে নেয় ২৮০ রানের বিশাল ব্যবধানে। চাইলে তারা হয়তো ম্যাচটা ইনিংস ব্যবধানেও জিততে পারত। আজ বাংলাদেশের ব্যাটাররা যেভাবে দ্রুত আউট হওয়ার প্রতিযোগিতায় নামলেন, তা দেখে ধারাভাষ্যকারেরও হতবাক। অবশ্য অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই হারেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন।

এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং হয়েছে জঘন্য। তবে দুই ইনিংসেই বোলাররা ভালো বোলিং করেছেন। বিশেষ করে তিন পেসার বল হাতে আগুন ঝরিয়েছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক তাদের সেই কৃতিত্ব দিয়ে বলেন, ‘ইতিবাচক দিকটা হলো আমাদের পেসার তাসকিন, হাসানরা প্রথম দুই-তিন ঘণ্টা যেভাবে বোলিং করেছে। কিন্তু ভারত সত্যিই খুব ভালো ব্যাটিং করেছে। আমরাও নতুন বলে ভালো বোলিং করেছি কিন্তু সেটা ধরে রাখা উচিত ছিল।’

ব্যাটার হিসেবে অনেকদিন ধরেই রান পাচ্ছিলেন না শান্ত। অধিনায়কত্ব তার ওপর বোঝা হয়ে গেছে কিনা- এমন প্রশ্নও উঠেছে। চেন্নাইয়ে প্রথম ইনিংসে ২০ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৮২। এর মাধ্যমে ১১ ইনিংস পর তিনি টেস্ট ফিফটির দেখা পেলেন। নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘একজন ব্যাটার হিসেবে আমি সবসময়ই দলে অবদান রাখা রচেষ্টা করি। ব্যাটিংটা উপভোগ করি।’

বাংলাদেশের পরবর্তী গন্তব্য কানপুর। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এখানেই শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। চেন্নাইয়ের ব্যর্থতা ঝেড়ে ফেলতে শান্তর নজর এখন কানপুরে, ‘আজ আমরা যতক্ষণ পেরেছি ব্যাটিং করার চেষ্টা করেছি এবং আমাদের শক্তি অনুযায়ী খেলেছি। কানপুর খুবই গুরুত্বপূর্ণ। বোলাররা ভালো করেছে, আশা করি ব্যাটাররাও ভালো করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত