পাকিস্তানে ১২ দেশের কূটনীতিকের গাড়িবহরে বোমা হামলা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ এএম

পাকিস্তানে বিদেশি কূটনীতিকদের গাড়িবহরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত ও আরও ৩ জন আহত হয়েছেন। তবে গাড়িবহরে ১২ দেশে কূটনিতিক থাকলেও তাদের সকলেই নিরাপদ আছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।  

প্রতিবেদনে ডন জানিয়েছে, রোববার আফগানিস্তানের সীমনান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি পর্যটন এলাকায় ভ্রমণ করছিলেন কূটনীতিকরা। গাড়িবহরটি সোয়াত জেলার মালাম জাব্বায় পর্যটন স্পট এবং পাহাড়ি রাস্তা অতিক্রম করার সময় হামলার শিকার হয়।

সোয়াত জেলা পুলিশ অফিসার (ডিপিও) জাহিদুল্লাহ খান জানিয়েছেন, গাড়ি বহরের সামনে থাকা পুলিশ স্কোয়াডের গাড়িকে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে এতে এক পুলিশ সদস্য নিহত হন এবং আরও তিনজন আহত হন। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। 

এই বহরে ছিলেন— ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, পর্তুগাল, কাজাখস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, তুর্কমেনিস্তান, ভিয়েতনাম, ইরান, রাশিয়া এবং তাজিকিস্তানের কূটনীতিকরা। তারা সবাই নিরাপদে ইসলামাবাদে ফিরে আসেন। কূটনীতিকরা পর্যটন, হস্তশিল্প এবং রত্নশিল্পের প্রচারের জন্য স্থানীয় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেখানে যাচ্ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত