কেন কেজরিওয়ালের চেয়ারে বসলেন না মুখ্যমন্ত্রী আতিশী

  • চার মাস দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকবেন আতিশী মারলেনা
  • আগামী ফেব্রুয়ারি মাসে দিল্লিতে ভোট অনুষ্ঠিত হবে 
  • জেলমুক্তির পরেই অরবিন্দ কেজরিওয়াল পদ ছাড়তে চান
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম

ভারতের রাজধানী দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন আতিশী মারলেনা। কিন্তু সাবেক মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের চেয়ারটি তিনি ফাঁকা রেখে দিয়েছেন। তার পাশে অন্য একটি চেয়ারে বসেছেন তিনি। সোমবার থেকে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করেছেন আতিশী।

দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর সোমবার সংবাদমাধ্যমকে আতিশী জানিয়েছেন, তিনি তার অবস্থার সঙ্গে রামায়ণের ভরতের অবস্থার মিল খুঁজে পেয়েছেন। রামের অনুপস্থিতিতে যেমন ভরত তার হয়ে শাসনকার্য পরিচালনা করেছিলেন, তেমন আপের সর্বময় নেতা কেজরিওয়ালের অনুপস্থিতিতে তার হয়ে দিল্লির কাজ চালাবেন আতিশী।

তার কথায়, ‘ভরত যে ভার বহন করেছিলেন, আমিও তা-ই করছি। তিনি রামের পাদুকা সিংহাসনে রেখেছিলেন। আগামী চার মাস দিল্লির কাজ পরিচালনার ক্ষেত্রে আমার নীতিও তা-ই হবে।’

আগামী বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। আতিশী জানিয়েছেন, চার মাস পরে রাজধানীর মানুষ ভোট দিয়ে কেজরিকে তার চেয়ারে ফিরিয়ে আনবেন বলে তিনি বিশ্বাস করেন। সেই বিশ্বাসেই চার মাস তিনি কাজ করে যাবেন। 

দিল্লির মুখ্যমন্ত্রীর দফতরে কেজরির চেয়ার ফাঁকা রাখার প্রসঙ্গে আতিশী বলেন, ‘এই চেয়ার কেজরিওয়ালের চেয়ার। আগামী ফেব্রুয়ারি মাসের ভোটে দিল্লির মানুষ তাকেই আবার মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করবেন, আমি জানি। তত দিন এই চেয়ার এই দফতরে তার অপেক্ষায় থাকবে।’

দিল্লির আবগারী দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে কেজরির। তাকে গ্রেপ্তার করেছিল ইডি। পরে ওই মামলাতেই সিবিআইও কেজরিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে তিনি পদত্যাগ করেননি। মুখ্যমন্ত্রী হিসাবেই জেলে ছিলেন। সম্প্রতি ইডি এবং সিবিআইয়ের মামলায় জামিন পেয়ে তিহার জেল থেকে বেরিয়েছেন কেজরি। 

কিন্তু জেলমুক্তির পরেই তিনি জানান, দিল্লির মুখ্যমন্ত্রীর পদ তিনি ছাড়তে চান। মানুষ আবার তাকে নির্বাচিত করলে তিনি ওই পদে ফিরবেন। এর পরে আপের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় মুখ্যমন্ত্রী হবেন আতিশী। শনিবার তিনি শপথ নিয়েছেন। শীলা দীক্ষিত এবং সুষমা স্বরাজের পর দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী তিনি। তার সঙ্গে মন্ত্রিসভার আরও পাঁচ সদস্যও শপথ নিয়েছেন। সোমবার থেকে দফতরে কাজ শুরু করলেন মুখ্যমন্ত্রী অতিশী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত