ইমামতি নিয়ে দ্বন্দ্ব, চাচা হত্যার অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ পিএম

নেত্রকোণার পূর্বধলায় ইমামতি নিয়ে দ্বন্দ্বে চাচাকে হত্যার মামলায় শাহজাহান মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার ফজরের নামাজের ইমামতি করা নিয়ে দ্বন্দ্বে চাচা হাসিম উদ্দিনকে (৬৫) কিল-ঘুষি দেন শাহাজাহান মিয়া। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় চাচা হাসিম উদ্দিনের।

নিহত হাসিম উদ্দিন উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত শাহজাহান মিয়া ওই গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোণার পূর্বধলা উপজেলার জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমাম মাওলানা শামীম হোসেন। তার অনুপস্থিতিতে প্রায়ই মসজিদে নামাজ পড়াতেন গ্রামের হাসিম উদ্দিনের ছেলে হাফেজ মো. আজিজুল হক (৩৫)। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ফজরের নাম পড়ানোর সময় ইমাম শামীম হোসেন অনুপস্থিত ছিলেন।

এ সময় আজিজুল হক নামাজ পড়াতে গেলে তার সম্পর্কিত চাচাতো ভাই শাহজাহান মিয়া আপত্তি তোলেন। আজিজুল ও শাহজাহানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। শাহজাহান আজিজুলের পেছনে নামাজ না পড়ে মসজিদের বারান্দায় একা নামাজ আদায় করেন। নামাজ শেষ হলে মসজিদ প্রাঙ্গণে আজিজুল ও শাহজাহানের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এ সময় আজিজুলের বাবা হাসিম উদ্দিন উভয়কে থামতে বললে ভাতিজা শাহজাহান তার ওপর চড়াও হন। কথা কাটাকাটির একপর্যায়ে শাহজাহান চাচা হাসিম উদ্দিনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।

এ দিকে হাসিম উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় নিহত হাসিম উদ্দিনের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে শাহজাহানকে আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করেন।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান বলেন, ঘটনার পরপরই গ্রেপ্তার এড়াতে শাহজাহান মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যান। আসামি গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের সমন্বয়ে একটি টিম গঠন করে দেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শাহাজাহানের অবস্থা ঢাকার ধামরাই এলাকার মালঞ্চ গ্রামে শনাক্ত করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত